ম্যাচ না খেলেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান, পুরস্কার বয়কট করে বড় হুমকি ভারতের

বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলেও না খেলেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান। বাংলাদেশে অনুষ্ঠিত পুরুষদের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ ২০২৬-এর ফাইনাল ঘিরে এখন চরম বিতর্ক তৈরি হয়েছে। ভালো নেট রান রেটের ভিত্তিতে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করার প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছে ভারত। এমনকি এই সিদ্ধান্তের জেরে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেও আপত্তি জানাতে পারে টিম ইন্ডিয়া।
শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এরপরই পাকিস্তানকে চ্যাম্পিয়ন এবং ভারতকে রানার্স আপ ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেটার ও বোর্ড কর্তাদের প্রশ্ন, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের ফল নেট রান রেটের ভিত্তিতে নির্ধারণ করা যায় না। তাঁদের মতে, এই পদ্ধতি সাধারণত লিগ পর্বে দলগুলোর অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বা ডব্লিউবিসিসি-র এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত। অভিযোগ উঠেছে, সংস্থার টেকনিক্যাল কমিটি প্রথমে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন করার বিষয়ে একমত হলেও পরে সিদ্ধান্ত বদলে যায়। ডব্লিউবিসিসি-র সভাপতি তথা পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধান সুলতান শাহের অবস্থানের পরই ম্যাচ রেফারিকে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করার নির্দেশ দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
ভারতের টিম ম্যানেজমেন্টের অভিযোগ, বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কী করণীয়, সে বিষয়ে আগে থেকে কোনও স্পষ্ট লিখিত নিয়ম ছিল না। নেট রান রেটের ভিত্তিতে চ্যাম্পিয়ন বেছে নেওয়ার বিষয়টি দলগুলোকে জানানো হয়নি এবং অধিনায়কদের বৈঠকেও এ নিয়ে কোনও আলোচনা হয়নি। পাশাপাশি ফাইনালে কোনও রিজার্ভ ডে না রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে ভারতীয় শিবির।
ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া বা ক্যাবির সচিব শৈলেন্দ্র জানিয়েছেন, এই বিতর্কের নিষ্পত্তি না হলে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার কথা ভাবতে পারে ভারত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সংস্থা। ভারতীয় খেলোয়াড়দের বক্তব্য, তাঁরা মাঠে নেমে যোগ্য লড়াই করতে চেয়েছিলেন, তাই এভাবে ফল মেনে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।
প্রতিবাদের অংশ হিসেবে ট্রফি বিতরণ অনুষ্ঠানেও অনুপস্থিত ছিল ভারতীয় দল। সব মিলিয়ে বৃষ্টির কারণে বাতিল হওয়া একটি ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।