শিক্ষকদের দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ! কবে প্রথম সেশন নেবেন কিরণ বেদী, জানুন বিস্তারিত

শিক্ষকদের দক্ষতা বাড়াতে ‘মিত্র’ প্রকল্পে জাতীয় মেন্টর হলেন কিরণ বেদী, সিবিএসই-র মেন্টরদেরও তত্ত্বাবধানে

দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার তথা পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ড. কিরণ বেদীকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর ‘মেন্টরিং ইনিশিয়েটিভ ফর টিচিং, রিসার্চ অ্যান্ড অ্যাসেসমেন্ট’ (মিত্র বা MITRA) প্রকল্পের অধীনে তাঁকে ‘ন্যাশনাল মেন্টর’ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশের স্কুল শিক্ষকদের দক্ষতাবৃদ্ধি ও সঠিক পথনির্দেশের কাজে যুক্ত থাকবেন তিনি।

নয়াদিল্লিতে এনসিটিই-র সদর দপ্তরে আয়োজিত একটি অনলাইন সেশনের মাধ্যমে কিরণ বেদীকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই মেন্টরিং সেশনটি বাস্তবায়িত হবে। দেশের অভিজ্ঞ পেশাদার, শিক্ষাবিদ এবং প্রশাসকদের নিয়ে গঠিত একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের সঠিক দিশা দেখানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সিবিএসই-র মেন্টরদের তত্ত্বাবধানেও কিরণ বেদী

এই লক্ষ্যে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় শিক্ষাবোর্ড সিবিএসই। সিবিএসই অধীনস্থ প্রতিটি স্কুলে ৩ থেকে ৫ জন শিক্ষককে মেন্টর হিসেবে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে; এবার সেই মেন্টরদের তত্ত্বাবধানের দায়িত্বেও জাতীয় স্তরে নিযুক্ত হলেন কিরণ বেদী।

অনবোর্ডিং সেশনে কী হলো এবং কবে প্রথম সেশন?

অনবোর্ডিং সেশনে উপস্থিত ছিলেন এনসিটিই-র ডেপুটি সেক্রেটারি সতীশ কুমার, অ্যাকাডেমিক অ্যাডভাইজার দীনেশ চতুর্বেদী এবং সিনিয়র অ্যাকাডেমিক কনসালট্যান্ট (এনএমএম) সুনীল বাজাজ-সহ ‘মিত্র’ ও ‘পুষ্টি’ (Pushti) দলের শীর্ষ আধিকারিকেরা। অনুষ্ঠানে সুনীল বাজাজ এই উদ্যোগের পরিচয় তুলে ধরেন এবং অভিজ্ঞ শিক্ষাবিদ ও স্কুলের অধ্যক্ষদের মেন্টর হিসেবে যুক্ত করার প্রচেষ্টার কথা জানান। পাশাপাশি কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন দীনেশ চতুর্বেদী।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র অধীনে গৃহীত এই শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন কিরণ বেদী। তিনি জানিয়েছেন, এনসিটিই-র এই উদ্যোগের অধীনে আগামী মাস থেকেই তিনি তাঁর প্রথম মেন্টরিং সেশন পরিচালনা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *