এক মাস বদলে যাচ্ছে দিল্লি মেট্রোর সময়! বাড়ি বা অফিসে ফেরার আগে এই নিয়ম না জানলে বিপদ

দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে যাতায়াতকারী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। আগামী ২১ নভেম্বর ২০২৬ থেকে শুরু করে প্রায় এক মাসের জন্য এই লাইনের ট্রেন চলাচলের সময়সূচিতে অস্থায়ী পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, সকালের প্রথম মেট্রো এক ঘণ্টা দেরিতে এবং রাতের শেষ মেট্রো এক ঘণ্টা আগে ছাড়বে।

কী কী পরিবর্তন আসছে সময়সূচীতে?

DMRC-র তথ্য অনুযায়ী, দীপালি চক এবং মজলিস পার্কের মধ্যে ম্যাজেন্টা লাইনের মেট্রো পরিষেবার সময়সূচিতে এই সাময়িক রদবদল কার্যকর হবে। বর্তমানে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৬টায় শুরু হলেও ২১ নভেম্বর থেকে তা সকাল ৭টায় চালু হবে। পাশাপাশি রাতের শেষ মেট্রো পরিষেবা রাত ১১টার পরিবর্তে রাত ১০টায় পাওয়া যাবে।

কেন এই সিদ্ধান্ত?

DMRC জানিয়েছে, কৃষ্ণ পার্ক এক্সটেনশন থেকে দীপালি চক পর্যন্ত ম্যাজেন্টা লাইনের সম্প্রসারিত অংশে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলছে। এই কারিগরি কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই পরিচালন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই কাজ শেষ হতে প্রায় এক মাস সময় লাগবে।

যাত্রীদের প্রতি পরামর্শ

নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের নতুন সময়সূচী মাথায় রেখে আগেভাগে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে DMRC। সংশোধিত সময় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতেও প্রদর্শন করা হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে পরিষেবা ফের আগের স্বাভাবিক নিয়মে ফিরবে বলে জানানো হয়েছে এবং এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *