ফাঁকা বাড়ি থেকে টাকা ও সোনা লুট, সিসিটিভি ও স্কুটির সূত্র ধরে জালে লালবাজারের কর্মী! তাজ্জব শহরবাসী

ফাঁকা বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না চুরির অভিযোগের তদন্তে নেমে চাঞ্চল্যকর মোড়। চুরির কিনারা করতে গিয়ে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত গয়না এবং ঘটনার সময় ব্যবহৃত স্কুটিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা। তিনি যাদবপুরের বিজয়গড় এলাকার বাসিন্দা এবং বর্তমানে লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি হরিদেবপুর থানাতেও কাজ করেছেন। গতকাল রাতে বিজয়গড়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রপাত গত ১৬ নভেম্বর। কসবার বেদিয়াডাঙা ফার্স্ট লেনের বাসিন্দা দিপালী মাহাত চৌহানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে কেউ বা কারা বাড়িতে ঢুকে ৩ হাজার টাকা এবং সোনা ও রুপোর বেশ কিছু গয়না চুরি করে চম্পট দেয়। রাতে বাড়ি ফিরে বিষয়টি নজরে আসতেই দিপালী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে এক মহিলার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় তদন্তকারীদের। পাশাপাশি ফুটেজে একটি স্কুটিরও সন্ধান মেলে। সেই সূত্র ধরেই চুমকি পাঁজাকে চিহ্নিত করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডেকে পাঠানো হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে চুমকির বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এরপরই তাঁর বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার হয় এবং চুরিতে ব্যবহৃত স্কুটিটিরও খোঁজ মেলে। এর পরেই তাঁকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *