মেরামতির জেরে রবিবার ১৬ ঘণ্টা স্তব্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কলকাতা পুলিশের বড় নির্দেশিকা

রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন যান চলাচলের বিকল্প রুট
মেরামতি ও সংস্কারের কাজের জন্য আগামী রবিবার টানা ১৬ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু এবং এর সংযোগকারী র্যাম্প দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। জনস্বার্থ ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির (এইচআরবিসি) উদ্যোগে বিদ্যাসাগর সেতুর সারাই ও পুনর্বাসনের কাজ চলবে। মূলত সেতুর স্টে, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর জরুরি কাজের জন্যই এই দীর্ঘ সময় সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
সেতু বন্ধ থাকাকালীন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা যানবাহনগুলিকে নির্দিষ্ট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার কোন দিকের গাড়ি কোন পথে চলবে:
-
এজেসি বোস রোড ধরে আসা পশ্চিমমুখী গাড়ি: জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুগামী সব ধরনের গাড়ি টার্ফ ভিউ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে, অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরতে পারবে।
-
কেপি রোড ধরে আসা পশ্চিমমুখী গাড়ি: জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে সেতুগামী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে চালকরা হাওড়া ব্রিজ ধরতে পারবেন।
-
সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী গাড়ি: খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড দিয়ে আসা বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে গাড়িগুলি হাওড়া ব্রিজের দিকে যাবে।
-
ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টের গাড়ি: কেপি রোডের যেসব গাড়ি ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টের র্যাম্প দিয়ে সেতুতে উঠত, সেগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে কেপি রোড হয়ে ১১ ফার্লং গেটের দিকে ঘোরানো হবে। সেখান থেকে কেপি রোড ও রেড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যাওয়া যাবে।
রবিবার জরুরি প্রয়োজনে যাঁরা হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করবেন, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে এবং পুলিশের নির্ধারিত এই বিকল্প রুট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।