‘রামায়ণ’-এর সাফল্যের মাঝেই বড় চমক! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ট্রেলারের আগে কী আনছেন ভন্সালী?

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ এই মুহূর্তে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি ১৫০০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে। ‘অ্যানিম্যাল’-এর পর এটিই রণবীর কাপুরের কেরিয়ারের সবচেয়ে বড় ছবি হয়ে উঠেছে। এই তারকার হাতে বর্তমানে একাধিক বড় প্রজেক্ট রয়েছে, যার মধ্যে অন্যতম ‘লাভ অ্যান্ড ওয়ার’। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিছুদিন আগেই এই ছবি থেকে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের প্রথম লুক প্রকাশ্যে এসেছে। তবে ট্রেলার প্রকাশের আগেই সঞ্জয় লীলা ভন্সালী অন্য একটি চমক সামনে আনার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে।
মূলত ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি রোমান্টিক ড্রামা ঘরানার ছবি। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথম পোস্টার প্রকাশের পর প্রচারের দ্বিতীয় ধাপে রাখা হয়েছে গান। আপাতত ট্রেলারের আগেই একটি গান প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা ভন্সালী। এই কৌশল অবশ্য তাঁর কাছে নতুন নয়; এর আগে ‘বাজিরাও মস্তানি’ এবং ‘হীরামান্ডি’-র ক্ষেত্রেও একই পথ অনুসরণ করেছিলেন তিনি।
‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ভন্সালীর প্রস্তুতি ওই প্রতিবেদন থেকেই জানা গিয়েছে যে, প্রচারের ক্যালেন্ডারে ট্রেলারের আগেই মিউজিক ভিডিও আনবেন ভন্সালী। গল্প ও চরিত্রগুলো সম্পর্কে দর্শকেরা বিস্তারিত জানার আগেই যাতে গানটির সঙ্গে একাত্ম হতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত। সংগীত বরাবরই সঞ্জয় লীলা ভন্সালীর কাজের অন্যতম বড় শক্তি। ‘বাজিরাও মস্তানি’-র ক্ষেত্রেও ২০ নভেম্বর ট্রেলার আসার আগে একই কৌশল নেওয়া হয়েছিল; সেবার সেপ্টেম্বরে পুনের একটি অনুষ্ঠানে ‘গজাননা’ গানটি লঞ্চ হয় এবং তার কিছুদিন পরই মুক্তি পায় ‘দিওয়ানি মস্তানি’।
একইভাবে ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর প্রচারেও একই কৌশল নিয়েছিলেন তিনি। নেটফ্লিক্সের এই সিরিজের প্রথম গান ‘সকল বন’ আগে প্রকাশ করা হয় এবং তার পর ৮ এপ্রিল সামনে আসে ট্রেলার। এবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ক্ষেত্রেও ট্রেলারের আগে দর্শকদের গান শোনাতে চাইছেন ভন্সালী। যুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবিটি আসলে একটি ত্রিকোণ প্রেমের গল্প।
দুই তারকার সঙ্গে আগেই কাজ করেছেন ভন্সালী পিরিয়ড ড্রামা ‘সাওয়ারিয়া’-র পর ফের রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন সঞ্জয় লীলা ভন্সালী। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে এর আগে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করেছেন তিনি। তবে ভিকি কৌশলের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। সব মিলিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম গান কবে প্রকাশ্যে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।