জেল থেকে বেরিয়েই পরের দিন প্রায় ১৮ লাখের লুট! ৪৮ ঘণ্টায় জালে ৭৪ মামলার আসামি

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লুটের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অবাক করার মতো বিষয় হল, এই লুটে জড়িত দুজন অভিযুক্ত আগের দিনই জেল থেকে ছাড়া পেয়েছিল। ১৬ নভেম্বর জেল থেকে বেরিয়ে পরের দিনই অর্থাৎ ১৭ নভেম্বর সঙ্গীদের নিয়ে ১৭ লক্ষ ৯০ হাজার টাকা লুট করে তারা। ইটখেড়ি থানা এলাকার লাম্বাখেড়া বাইপাসে ঘটা এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই কিনারা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাঁচ অভিযুক্তকে, যাদের বিরুদ্ধে আগে থেকেই মোট ৭৪টি ফৌজদারি মামলা রয়েছে।
লুটের শিকার হওয়া মুবিন খান নিশাতপুরার দেবকী নগরের বাসিন্দা। তিনি ছাগল কেনাবেচার ব্যবসা করেন। জিরাপুর থেকে ছাগল কিনে হায়দরাবাদ ও চেন্নাইয়ের মতো শহরে বিক্রি করেন তিনি।
১৭ নভেম্বর ভোর প্রায় ৫টা ৪৫ মিনিট নাগাদ ১৭ লক্ষ ৯০ হাজার টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাইকে করে লাম্বাখেড়া বাইপাসের আকরম পার্কিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুবিন। সেখান থেকে ভাড়া করা আইশার ট্রাকে চেপে জিরাপুরে যাওয়ার কথা ছিল তাঁর। সেই সময় পেট্রল পাম্প ব্রিজের কাছে দুটি বাইকে করে আসা চার দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা।
বন্ধুই দুষ্কৃতীদের কাছে পৌঁছে দিয়েছিল সব তথ্য পুলিশের তদন্তে উঠে এসেছে, এই লুটের ছকে জড়িত ছিলেন মুবিনেরই বন্ধু মহম্মদ ইব্রাহিম। মুবিনের ব্যবসা, টাকা এবং যাতায়াতের বিষয়ে তাঁর জানা ছিল। এমনকী ১৭ নভেম্বর সকালে মুবিন যে রাজগড়ের দিকে যাবেন এবং তাঁর কাছে বড় অঙ্কের টাকা থাকবে, তাও জানতেন ইব্রাহিম।
পুলিশের দাবি, সেই তথ্যই নিজের সঙ্গীদের জানিয়ে লুটের পরিকল্পনা করেন ইব্রাহিম। এরপর চার দুষ্কৃতী পথে আটকে মুবিনের কাছ থেকে টাকা লুট করে। অর্থাৎ, যে বন্ধুকে বিশ্বাস করতেন মুবিন, তিনিই তাঁর গতিবিধির খবর লুটেরাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন।
১ হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে গ্রেফতার অভিযুক্তরা এসপি পঙ্কজ কুমার পাণ্ডে জানিয়েছেন, ঘটনার কিনারা করতে পুলিশের চারটি দল গঠন করা হয়েছিল। তদন্তে প্রায় ১ হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রযুক্তিগত প্রমাণ এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ভোপাল থেকে মহম্মদ ইব্রাহিমকে পাকড়াও করে পুলিশ।
তাঁকে জিজ্ঞাসাবাদের পর রাজস্থানে অভিযান চালিয়ে বাকি চার অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। ধৃত প্রত্যেকের মাথার দাম ১০ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছিল।
দুই অভিযুক্ত আগের দিনই জেল থেকে ছাড়া পেয়েছিল পুলিশের তথ্য অনুযায়ী, ধৃতদের মধ্যে আরশাদ বাব্বার বিরুদ্ধে ৪১টি, আরিফ বাবা বিরুদ্ধে ১৬টি, মহম্মদ ইকবালের বিরুদ্ধে ১১টি, তনবীরের বিরুদ্ধে ৪টি এবং মহম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে ২টি মামলা আগে থেকেই নথিভুক্ত ছিল। সব মিলিয়ে পাঁচজনের বিরুদ্ধে ৭৪টি মামলা রয়েছে। এদের মধ্যে আরশাদ বাব্বা ও মহম্মদ ইকবাল ১৬ নভেম্বর জেল থেকে ছাড়া পেয়েছিল এবং জেল থেকে বেরোনোর পরের দিনই লুটে হাত লাগায়।
অভিযুক্তদের কাছ থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা নগদ, প্রায় ৪০ হাজার টাকার পোশাক, লুটে ব্যবহৃত পালসার বাইক এবং হুন্ডাই ক্রেটা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা করায় পুলিশ দলের প্রশংসা করেছেন ভোপাল দেহাতের আইজি রুচিবর্ধন মিশ্র। তদন্তকারী দলকে ৩০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।