ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া, ফসল বাঁচাতে কৃষকদের জন্য সতর্কবার্তা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়ার এই হঠাৎ বদলে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠে পাকা ধান, সবজি এবং আলু চাষের জমিতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর। কীভাবে ফসল বাঁচাবেন, জমিতে বৃষ্টির জল জমলে কী করবেন এবং কখন সার বা কীটনাশক দেওয়া উচিত নয়, সে বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে।
কোন কোন জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা? কৃষি দফতরের সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া ও হুগলিসহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে আমন ধান, আলু ও নানা ধরনের সবজি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তাই পরিস্থিতি বুঝে আগেভাগে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি দফতর।
ফসল বাঁচাতে কৃষকদের এখনই কী কী করতে হবে? ৮ দফা নির্দেশিকা
১. পাকা আমন ধান দ্রুত কেটে নিন যেসব জমিতে আমন ধান ৮০ শতাংশ বা তার বেশি পেকে গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বুঝে দ্রুত ধান কাটার ব্যবস্থা করুন। ধানগাছ জমিতে শুয়ে পড়লে ক্ষতির আশঙ্কা আরও বাড়বে। তাই দেরি না করে ফসল ঘরে তোলার প্রস্তুতি নিন।
২. ধানগাছ শুয়ে পড়লে কী করবেন? বৃষ্টিতে ধানগাছ জমিতে হেলে পড়লে দু-তিনটি জায়গায় একসঙ্গে ধানের গোছা বেঁধে দিতে পারেন। এতে ধানের শিষ যাতে জমির জলে না ভেজে, তা নিশ্চিত করা যাবে। দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে জেলার কৃষি যান্ত্রিকীকরণ ভাড়া কেন্দ্রের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধান কেটে এমন উঁচু জায়গায় রাখুন, যেখানে বৃষ্টির জল পৌঁছবে না।
৩. আলু চাষ কয়েক দিন পিছিয়ে দিন যেসব এলাকায় আলু চাষের পরিকল্পনা রয়েছে, সেখানে আপাতত কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক হলে এবং মাটির জো বা আর্দ্রতা চাষের উপযোগী হলে তবেই আলু লাগান।
৪. এখনই সার বা কীটনাশক দেবেন না এই মুহূর্তে জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কারণ বৃষ্টির জলে এসব রাসায়নিক ধুয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাতে আর্থিক ক্ষতির পাশাপাশি ফসলেরও ক্ষতি হতে পারে।
৫. পাকা সবজি দ্রুত তুলে ফেলুন যেসব সবজি মাঠে তৈরি হয়ে গিয়েছে, সেগুলো দ্রুত তুলে ফেলার ব্যবস্থা করুন। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা সবজি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
৬. সবজির মাচা ও পানের বরজ মেরামত করুন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইলে সবজির মাচা ভেঙে যেতে পারে। তাই সবজির মাচা এবং পানের বরজের প্রয়োজনীয় মেরামত করে নিন। এতে ঝোড়ো হাওয়ায় ক্ষতির আশঙ্কা কমানো যাবে।
৭. জমিতে জল জমলে দ্রুত বের করে দিন সবজি কিংবা আলু লাগানো জমিতে বৃষ্টির জল জমে থাকলে যত দ্রুত সম্ভব তা বের করে দেওয়ার ব্যবস্থা করুন। জমিতে অনেকক্ষণ জল জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘমেয়াদি আমন ধানের ক্ষেত্রে ধান কাটতে দেরি হলে বাদামি শোষক পোকার আক্রমণের পরিস্থিতি অনুযায়ী কৃষি দফতরের সুপারিশ মেনে ফসল বাঁচানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
৮. সবজির জমিতে রোগ নিয়ন্ত্রণে কী করবেন? জমিতে জল জমে থাকার পর তা সরে গেলে সবজিতে সাধারণ পচা বা ধসা জাতীয় রোগের আশঙ্কা থাকে। এই ধরনের রোগ নিয়ন্ত্রণে কৃষি দফতরের নির্দেশিকায় ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে প্রতি লিটার জলে ২.৫ গ্রাম ম্যানকোজেব ৭৫ শতাংশ অথবা ৪ গ্রাম কপার অক্সিক্লোরাইড ৫০ শতাংশ মিশিয়ে স্প্রে করা যেতে পারে। তবে স্প্রে করার আগে স্থানীয় কৃষি আধিকারিকের পরামর্শ নেওয়া জরুরি।