জনসভা চলাকালীন এল দুঃসংবাদ! মাতৃহারা যোগী আদিত্যনাথ, প্রয়াত সাবিত্রী দেবী

মাতৃহারা হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর মা সাবিত্রী দেবী। এই খবর নিশ্চিত করেছেন যোগী আদিত্যনাথের ভাই মহেন্দ্র সিং এবং পৌরি থানার এসএসপি সর্বেশ কুমার।

উত্তরাখণ্ডের পৌরি গড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবিত্রী দেবী। দীর্ঘদিন ধরেই বার্ধক্য ও নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এর আগেও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং মুখ্যমন্ত্রী তাঁকে দেখতে গিয়েছিলেন।

শুক্রবার উত্তর প্রদেশের গোরক্ষপুরে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন যোগী আদিত্যনাথ। ঠিক সেই সময়েই মায়ের প্রয়াণের দুঃসংবাদ পৌঁছায়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তিনি মায়ের শেষকৃত্যে অংশ নিতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের এপ্রিলে ৮৯ বছর বয়সে প্রয়াত হন যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিষ্ট। সেই সময় কোভিড বিধি ও প্রোটোকলের কারণে বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেননি তিনি।

কে ছিলেন সাবিত্রী দেবী? পৌরি গড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে থাকতেন সাবিত্রী দেবী; এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন যোগী আদিত্যনাথ। সাবিত্রী দেবী ছিলেন একজন গৃহিণী। তাঁর স্বামী আনন্দ সিং বিষ্ট বন বিভাগে কর্মরত ছিলেন, যিনি ২০২০ সালে প্রয়াত হন।

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং বিষ্ট। ১৯৭২ সালের ৫ জুন পঞ্চুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছয় ভাইবোনের মধ্যে রয়েছেন মনেন্দ্র সিং, মহেন্দ্র সিং ও শৈলেন্দ্র মোহন এবং তিন বোন পুষ্পা দেবী, কৌশল্যা ও শশী দেবী।

১৯৯৪ সালে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন যোগী আদিত্যনাথ। এরপর গোরক্ষপুরের গোরক্ষপীঠে যোগ দিয়ে মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হন। সন্ন্যাস নেওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ কমে গেলেও মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই অটুট ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সুযোগ পেলেই পৈতৃক গ্রাম ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যেতেন তিনি।

২০২২ সালের মে মাসে প্রায় পাঁচ বছর পর পঞ্চুর গ্রামে গিয়ে মা সাবিত্রী দেবী ও পরিবারের বাকিদের সঙ্গে দেখা করেছিলেন যোগী আদিত্যনাথ; এমনকি সেখানে রাতও কাটিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের জুনে বার্ধক্যজনিত অসুস্থতায় সাবিত্রী দেবীকে ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হলে সেখানেও তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *