শুধু গোর্খা নয়, রাজবংশী ও আদিবাসীদের দাবিও মেটাতে হবে! সুকনার বৈঠকে বড় বার্তা

উত্তরবঙ্গের দীর্ঘদিনের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি শুধু গোর্খাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজবংশী এবং আদিবাসী সহ সমতলের অন্যান্য জনজাতির অভাব-অভিযোগকেও সমান গুরুত্ব দেওয়ার জোরালো দাবি উঠল। বৃহস্পতিবার রাতে সুকনার একটি টি রিসর্টে কেন্দ্রীয় সরকার নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজকুমার সিং, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ এবং ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। এই বৈঠকেই উত্তরবঙ্গের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক চিত্রটি কেন্দ্রীয় মধ্যস্থতাকারীর সামনে তুলে ধরেন দুই জনপ্রতিনিধি।
বৈঠক সূত্রে জানা গিয়েছে, আনন্দময় বর্মণ ও দুর্গা মুর্মু গোর্খাদের দাবির বিরোধিতা না করলেও স্পষ্ট করে দিয়েছেন যে উত্তরবঙ্গের সমস্যা কেবল একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আটকে নেই। এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাসকারী রাজবংশী, আদিবাসী, রাভা, মেচ সহ অন্যান্য জনজাতিরও দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বঞ্চনা এবং নিজস্ব দাবি রয়েছে। তাঁদের মতে, কেবল গোর্খাদের সমস্যার সমাধান নিয়ে ভাবলে বাকি ভূমিপুত্র ও জনজাতিগুলির প্রতি অবিচার করা হবে।
দুই জনপ্রতিনিধির এই বক্তব্য ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি পরোক্ষভাবে উত্তরবঙ্গের পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিই মধ্যস্থতাকারীদের সামনে তুলে ধরা হয়েছে? যদিও সেই জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা রাজবংশী নেতা আনন্দময় বর্মণ।
বৈঠকের পর আনন্দময় বর্মণ বলেন, এখানে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির প্রসঙ্গে কোনও কথা হয়নি। তাঁদের কথায়, মধ্যস্থতাকারীদের গোটা উত্তরবঙ্গের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে। এই বিশাল অঞ্চলে কোন জনজাতির কী কী দাবি ও সমস্যা রয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং স্থায়ী সমাধানের কথা ভাবতে হলে উত্তরবঙ্গের সব অংশের মানুষকে নিয়েই ভাবতে হবে, এই বার্তাই দেওয়া হয়েছে।
অন্যদিকে, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুও সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে জানান যে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের কাছেই উত্তরবঙ্গ গুরুত্ব পাচ্ছে এবং এলাকায় নানা উন্নয়নমূলক কাজ চলছে। বাকি সমস্যাগুলির ক্ষেত্রেও সামগ্রিক চিন্তাভাবনার কথা বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং সংবিধানের কাঠামোর মধ্যে থেকে গোর্খাদের দাবিদাওয়া ও স্থায়ী রাজনৈতিক সমাধানের রূপরেখা চূড়ান্ত করতে কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে পঙ্কজকুমার সিংকে। তিনি বর্তমানে পাহাড় ও তরাই-ডুয়ার্সের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালাচ্ছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ের স্থায়ী সমাধানের প্রক্রিয়া চলাকালীন সমতলের রাজবংশী ও আদিবাসী নেতৃত্বের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে আগামী দিনে উত্তরবঙ্গের যে কোনও প্রশাসনিক পদক্ষেপ বা উন্নয়নের ক্ষেত্রে সব জনজাতির স্বার্থরক্ষার বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠল।
পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, উত্তরবঙ্গ যেহেতু বিজেপির অন্যতম শক্তঘাঁটি, তাই সমস্ত জনজাতিকে ঐক্যবদ্ধ করে সামগ্রিক দাবিতে সরব হলে বিচ্ছিন্নতাবাদী প্রবণতাগুলি দুর্বল হতে পারে এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এর রাজনৈতিক সুফলও পেতে পারে বিজেপি। সব মিলিয়ে সুকনার এই বৈঠক উত্তরবঙ্গের ভবিষ্যৎ সমীকরণে নতুন মাত্রা যোগ করল।