সিগন্যালে আর হাত পাতা নয়! এবার ট্রাফিকের পাঠ দেবেন ও বকেয়া কর আদায় করবেন বৃহন্নলারা, বড় সিদ্ধান্ত রাজ্যের

ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ালে এতদিন যাঁদের দেখে অনেক যাত্রীই বিরক্ত হয়ে জানলার কাচ তুলে দিতেন, এবার তাঁদের কথাই মন দিয়ে শুনতে হতে পারে। কারণ, রূপান্তরকামী বা বৃহন্নলাদের ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাঁদের নিয়ে তৈরি হচ্ছে বিশেষ ‘বৃহন্নলা ব্রিগেড’। বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন। প্রশাসনের এই সিদ্ধান্তে কর্মসংস্থানের পাশাপাশি সমাজে তাঁদের মর্যাদাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছেতেই বৃহন্নলাদের ভিক্ষাবৃত্তির পেশা থেকে সরিয়ে বিকল্প আয়ের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বৃহন্নলাদের মূলত দুটি গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে—প্রথমত, ট্রাফিক সিগন্যালে সচেতনতা প্রচারের কাজে এবং দ্বিতীয়ত, পুরসভার বকেয়া কর আদায়ের কাজে। দুটি ক্ষেত্রেই তাঁদের নির্দিষ্ট সাম্মানিক বা স্টাইপেন্ড দেওয়া হবে।
কীভাবে কাজ করবে এই ‘বৃহন্নলা ব্রিগেড’? মন্ত্রী জানিয়েছেন, যাঁরা ট্রাফিক সিগন্যালে কাজ করতে আগ্রহী, তাঁদের প্রথমে পুলিশের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর তাঁরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করবেন। হেলমেট না পরলে বা সিটবেল্ট না বাঁধলে তাঁরা চালকদের সতর্ক করবেন এবং কলকাতা শহরের ভেতরে ও বাইরে সর্বত্র সিটবেল্ট বাঁধার প্রয়োজনীয়তা বোঝাবেন। পাশাপাশি, গাড়ির জানলা খুলে রাস্তায় থুতু ফেলা বা বাইরে নোংরা ফেলার মতো অভ্যাসের বিরুদ্ধেও প্রচার চালাবেন এই ব্রিগেডের সদস্যরা এবং গাড়ির ভেতরেই নির্দিষ্ট প্যাকেটে আবর্জনা রাখার পরামর্শ দেবেন।
অগ্নিমিত্রা পাল বলেন, “আমরা একটি নতুন উদ্যোগ নিচ্ছি। আমাদের ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী বন্ধুদের দিয়ে একটি ব্রিগেড তৈরি করছি, যার নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। তাঁদের দুটি কাজে লাগানো হবে। আমরা তাঁদের সম্মানের জীবিকা দিতে চাই এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী তাঁরা যেন আর ট্রাফিক সিগন্যালে ভিক্ষা না করেন, বরং স্বসম্মানে অন্য জীবিকা নির্বাহ করতে পারেন।”
বকেয়া কর আদায়ের পরিকল্পনা প্রশাসন সূত্রে খবর, গত কয়েক বছরে রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে বিপুল পরিমাণ গৃহ ও সম্পত্তি কর বকেয়া রয়েছে। বকেয়া কর আদায় না হওয়ায় আর্থিক চাপের মুখে পড়েছে পুরসভাগুলি; সরকারি হিসাব অনুযায়ী কলকাতা পুরনিগমের কর বাবদ কয়েক কোটি টাকা বাকি পড়ে আছে। নাগরিকদের কর মেটানোর জন্য বিভিন্ন ছাড় ও সহজ প্রক্রিয়া চালু করা হলেও অনেকেই এখনও কর মেটাননি। তাই কর আদায়ে গতি আনতেই এই বিশেষ পন্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, লোকবলের অভাবে এতদিন বকেয়া করের জন্য শুধু নোটিশ পাঠানো হতো। এবার বাড়ি বাড়ি গিয়ে কর আদায়ের কাজে বৃহন্নলাদের যুক্ত করা হবে এবং তাঁদের সঙ্গে পুরসভার ইন্সপেক্টররাও থাকবেন। কীভাবে কথা বলতে হবে ও কীভাবে কর চাইতে হবে, সে বিষয়ে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ বা ‘গ্রুমিং’ দেওয়া হবে এবং এর বিনিময়ে তাঁরা স্টাইপেন্ড পাবেন।
বৈঠক ও রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতিক্রিয়া তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রঞ্জিতা সিনহার সঙ্গে বুধবার দীর্ঘ বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্য তথা রাজ্যের গরিমা গৃহের ডিরেক্টর রঞ্জিতা সিনহা জানান, পেট চালানোর তাগিদেই তৃতীয় লিঙ্গের মানুষদের বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি বা যৌন পেশায় যুক্ত হতে হয়, যার ফলে তাঁরা সমাজে অবজ্ঞার শিকার হন। তাঁরা যাতে মূলস্রোতে ফিরে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন, সেই ভাবনা থেকেই তিনি সরকারকে এই প্রস্তাব দিয়েছিলেন।
রঞ্জিতা সিনহার কথায়, বৈঠকে মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী মাসের ১০ তারিখের মধ্যেই এই বিষয়ে একটি সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি পুলিশের তরফে কলকাতা, হাওড়া ও বিধাননগর এলাকায় কতজন তৃতীয় লিঙ্গের মানুষ ভিক্ষাবৃত্তি বা রাতের বেলায় যৌন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তা চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে কাজে নিয়োগ করা হবে। আপাতত মাসিক ভাতা দেওয়া হলেও পরবর্তীতে বেতন কাঠামোর আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হবে। এই উদ্যোগকে আত্মমর্যাদা ও মাথা উঁচু করে বাঁচার স্বীকৃতি হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সংরক্ষিত বেড ও ‘গুরুকুল’ তৈরির প্রস্তাব বৈঠকে এছাড়াও প্রতিটি সরকারি হাসপাতালে রূপান্তরকামীদের জন্য একটি করে সংরক্ষিত বেড রাখার প্রস্তাব উঠে এসেছে। পাশাপাশি, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের নিজস্ব ও ঐতিহ্যবাহী গান-বাজনার শৈলী যাতে হারিয়ে না যায় এবং প্রশিক্ষণের মাধ্যমে তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য একটি ‘গুরুকুল’ গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে সম্প্রদায়ের তরফে। রাজ্য সরকার এই প্রস্তাবগুলো নিয়ে পরবর্তী কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।