চাকরি থেকে বরখাস্তের ঘটনা বেআইনি! আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় মনে করাল দিল্লি হাইকোর্ট

আধার কার্ড (Aadhar Card) কারও জন্ম তারিখের চূড়ান্ত প্রমাণ নয় বলে স্পষ্ট করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। অবসরের বয়স হয়ে যাওয়ার অজুহাতে এক মহিলা কর্মীকে বেআইনিভাবে বরখাস্ত করার ঘটনায় শ্রম আদালতের দেওয়া বকেয়া বেতনের নির্দেশ বহাল রাখার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে আদালত। বিচারপতি মনোজ কুমার ওহরি মন্তব্য করেছেন যে, আধার মূলত পরিচয়ের প্রমাণপত্র।
সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ ও মামলার প্রেক্ষাপট সারোজ বনাম ইফকো-টোকিও জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গও টেনে এনেছে দিল্লি হাইকোর্ট। সেই রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল যে, পরিচয়ের কাজে আধার ব্যবহার করা গেলেও তা স্বয়ংক্রিয়ভাবে জন্ম তারিখের প্রমাণ নয়।
সংশ্লিষ্ট মামলায় ওই মহিলা কর্মীর দাবি ছিল, তিনি ১৯৮১ সালের ডিসেম্বর মাস থেকে ওই সংস্থায় কর্মরত ছিলেন এবং তাঁর মাসিক বেতন ছিল ১০,৫০০ টাকা। সংশোধিত ন্যূনতম মজুরির দাবি তোলার পর ২০১৭ সালের ২০ মে তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ করেছিলেন তিনি।
সংস্থার যুক্তি ও শ্রম আদালতের নির্দেশ অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি ছিল যে ওই দিন মহিলা কর্মীর ৫৮ বছর অবসরের বয়স পূর্ণ হয়ে গিয়েছিল, কারণ তাঁর আধার কার্ডে জন্ম তারিখ ১৯৫৯ সালের ২০ মে লেখা রয়েছে; ছানি অপারেশনের পর তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন বলেও দাবি করা হয়। কিন্তু শ্রম আদালত সংস্থার সেই যুক্তি নাকচ করে দেয় এবং জানায় যে, ২০১০ সালে কর্মীর নাম নথিভুক্ত করার সময় সংস্থা নিজেই এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি (ESIC)-র কাছে তাঁর জন্ম তারিখ ১৯৬০ সালের ২০ মে জানিয়েছিল।
এর ফলে ওই কর্মীর বরখাস্ত হওয়ার ঘটনাকে বেআইনি ঘোষণা করে শ্রম আদালত। ২০১৭ সালের ২০ মে থেকে ২০১৮ সালের ২০ মে পর্যন্ত, অর্থাৎ তাঁর প্রকৃত অবসরের বয়স হওয়া পর্যন্ত সময়ের সম্পূর্ণ বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টে সংস্থার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, মহিলা কর্মী নিজেই যে আধার কার্ডের ওপর নির্ভর করেছিলেন, শ্রম আদালত তা উপেক্ষা করে ভুল করেছে।
হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায় তবে হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, কর্মীর অবসরের বয়স প্রমাণ করার দায়ভার ছিল সংস্থার ওপর, অথচ তারা কেবল আধার কার্ডের ওপর নির্ভর করেছে এবং জন্ম তারিখ প্রমাণের জন্য অন্য কোনও নথি পেশ করতে পারেনি। আদালত আরও উল্লেখ করে যে, বিবাদ শুরু হওয়ার বহু বছর আগেই ইএসআইসি-র নথিটি তৈরি হয়েছিল, যখন কোনও পক্ষেরই কর্মীর বয়স নিয়ে তর্ক করার কোনও কারণ ছিল না। পাশাপাশি যে ইএসআইসি আধিকারিক নথিটি প্রমাণ করেছিলেন, তাঁকেও সংস্থা জেরা করেনি এবং যে নথির ভিত্তিতে প্রথম দিকে কর্মীর জন্ম তারিখ জানানো হয়েছিল, তাও পেশ করা হয়নি।
বিচারপতি বলেন, একবার জন্ম তারিখ ১৯৬০ সালের ২০ মে নথিভুক্ত করার পর, এক বছর আগে চাকরি শেষ করার জন্য পরবর্তীতে আধার কার্ডের ভিন্ন একটি তারিখের ওপর নির্ভর করতে পারে না সংস্থা। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট বা আইডি অ্যাক্ট যে একটি কল্যাণমূলক আইন, সে কথাও স্মরণ করিয়ে দেয় আদালত। হাইকোর্টের মতে, আধার কার্ডের বদলে পুরনো ইএসআইসি নথিকে প্রাধান্য দিয়ে শ্রম আদালত সঠিক সিদ্ধান্তই নিয়েছিল এবং রিট এক্তিয়ারের আওতায় সেই প্রমাণভিত্তিক রায়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।