বসে বসে বেতন নিচ্ছেন কর্মীরা?’ করের টাকার হিসেব চেয়ে তালুকদার কমিটিকে কড়া প্রশ্ন কলকাতা হাইকোর্টের

বিভিন্ন চিটফান্ড সংস্থায় প্রতারিত আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত প্রাক্তন বিচারপতি এস পি তালুকদার কমিটির কাজকর্ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানায়, গত ১২ বছর ধরে কার্যত কোনও কাজই করেনি ওই কমিটি।
কোন চিটফান্ডের কত টাকা আমানতকারীদের ফেরানো হয়েছে, কতগুলি আবেদন জমা পড়েছে এবং কত সম্পত্তি বাজেয়াপ্ত বা বিক্রি করা হয়েছে—নির্দিষ্ট করে কোনও কোম্পানির ক্ষেত্রেই সেই তথ্য দিতে ব্যর্থ হয়েছে কমিটি। এমনকি কমিটির ওয়েবসাইটের বেহাল অবস্থা নিয়েও কড়া ভর্ৎসনা করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
ওয়েবসাইট আপডেট নেই, ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চশুনানিতে বিচারপতি জানান, কমিটির ওয়েবসাইটে এখনও ৮৯টি চিটফান্ড সংস্থার উল্লেখ রয়েছে। অথচ গত কয়েক মাসে তাদের আরও কয়েকটি সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে এবং মোট ১০৫টি চিটফান্ডের টাকা ফেরানোর দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল তাদের ওপর। কিন্তু ওয়েবসাইটটুকুও আপডেট করার প্রয়োজন মনে করেনি কমিটি।
এদিন দুই বিচারপতি কমিটির কার্যকলাপের কড়া সমালোচনা করে বলেন, “আপনারা করেন টা কী? আসলে আপনাদের কমিটির কাজ করার কোনও ইচ্ছেই নেই।”
কর্মীদের বেতন ও ডেটা এন্ট্রি নিয়ে কড়া প্রশ্নকমিটির আইনজীবী আদালতে জানান, সরকারের দেওয়া ৩৪ জন কর্মীর মধ্যে ১৬ জনই ডেটা এন্ট্রি অপারেটর। এর পাল্টা বিচারপতি প্রশ্ন তোলেন, “কাজ না থাকলে ওই কর্মীরা কি বসে বসে বেতন নিচ্ছেন? দিনে তাঁদের ক’টা করে ডেটা এন্ট্রি করতে হয়? কোনও কাজ না থাকলে ওই কর্মীদের বদলি করার কথা বলুক কমিটি। কারণ, তাঁদের যে বেতন দেওয়া হচ্ছে, তা আমানতকারী তথা সাধারণ মানুষের করের টাকা।”
৮ ডিসেম্বরের মধ্যে রিপোর্টের নির্দেশডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, প্রথম দফায় যে ৫৩টি চিটফান্ড সংস্থার দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছিল, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে সেই সবকটি সংস্থার যাবতীয় তথ্যসংবলিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। পাশাপাশি একটি নির্দিষ্ট কোম্পানি সম্পর্কেও যথাযথ তথ্য তৈরি না থাকায় কমিটির ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন দুই বিচারপতি।