হাইকোর্টের নির্দেশের পরই অ্যাকশন! টাকি পুরসভার দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক, জেরা চেয়ারম্যানকেও

টাকি পুরসভার কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি (CID)। বৃহস্পতিবার সকালে এই দুর্নীতি মামলায় পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তকারীদের দাবি, প্রাক্তন ওই হেড ক্লার্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার প্রমাণ ও অভিযোগ সামনে এসেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে টাকি পুরসভার আর্থিক অনিয়ম ও দুর্নীতির এই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। গ্রেফতারির আগে টাকি পুরসভা দফতরে টানা প্রায় আট ঘণ্টা ধরে তল্লাশি ও তদন্ত অভিযান চালান গোয়েন্দারা। সেই সময় পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়-সহ একাধিক আধিকারিক ও কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, তদন্তের স্বার্থে পুরসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্রও সংগ্রহ করে সিআইডি।

ধৃত প্রবীর চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতির শিকড় এবং বিপুল অঙ্কের অর্থের উৎস সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুরসভার তহবিল তছরুপের এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিআইডি সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *