আত্মগোপনে থেকেও কীভাবে ধরা পড়লেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা? সামনে এল গোয়েন্দাদের বড় তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতা ও নাশকতার অভিযোগের মধ্যেই গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন পরিচিত নেতা ও কর্মী গ্রেফতার হয়েছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম। এর আগে গ্রেফতার হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও। পাশাপাশি বুধবার গভীর রাতে ঢাকার উত্তরা থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।

গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধেই নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন কিংবা আগের সহিংসতার ঘটনায় মামলা রয়েছে। তবে প্রশ্ন উঠছে, পরিচিত এই নেতারা এতদিন কোথায় ছিলেন এবং এখনই কেন তাঁদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করা হলো? সাম্প্রতিক সহিংসতার ঘটনার সঙ্গে এই গ্রেফতারগুলোর কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

নাহিদ ও সাঈদ খোকনের গ্রেফতার প্রসঙ্গ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, রাত দুইটা বিশ মিনিটের দিকে তাঁর মেয়ের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার উত্তরার মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আটকের সময় ধারণ করা একটি ভাইরাল ভিডিওতে নাহিদ ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগে কয়েকজন লোক ডিবি পরিচয়ে টাকা ও গহনা নিয়ে গেছে। তবে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ বিষয়ে কিছু জানেন না বলে ভিডিওতে জানান।

এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গ্রেফতার হন সাবেক মেয়র সাঈদ খোকন। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

আদালতে আইনজীবীর ওপর হামলা ও জ্যোতিকা জ্যোতির আটক বুধবার সাঈদ খোকনের রিমান্ড শুনানিতে অংশ নিতে গিয়ে আদালত চত্বরে হামলার শিকার হন তাঁর আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ৯ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। আইনজীবীর দাবি, শুনানিতে অংশ নিতে গেলে তাঁকে টেনেহিঁচড়ে মারধর করা হয় এবং তিনি বিস্ফোরণের সঙ্গে জড়িত নন। এ ঘটনায় আইনজীবীদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

অন্যদিকে, বুধবার গভীর রাতে উত্তরা থেকে আটক হওয়ার আগে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং তাঁকে যেন হাতকড়া পরানো না হয়। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই অভিনেত্রী ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার কারণে সমালোচিত হয়েছিলেন এবং পরে কর্মস্থল ছাড়েন।

ঢাকা ও বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত কয়েকদিনে নিয়মিত অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিএমপির তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেফতার এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ককটেল, গানপাউডার ও মাদকদ্রব্য উদ্ধারের দাবি করা হয়েছে। পৃথক বার্তায় ডিএমপি জানায়, নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর আগের দিন বুধবারও ৭১ জন নেতাকর্মীসহ মোট ৫৬৫ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছিল পুলিশ।

এখনই কেন এত গ্রেফতার? কী বলছে পুলিশ ও সরকার? গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, নাহিদ ও সাঈদ খোকন দু’জনই দেশে ছিলেন, তবে নির্দিষ্ট অবস্থান অজানা ছিল। তাঁর মতে, আত্মগোপনে থাকা নেতারা সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ ও নড়াচড়া শুরু করায় তাঁদের অবস্থান শনাক্ত করার সুযোগ তৈরি হয়। তথ্যপ্রমাণের ভিত্তিতেই জড়িতদের ধরা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান জানান, গ্রেফতার হওয়া নেতাদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে এবং তথ্যের ভিত্তিতে অভিযান চলছে; চলমান কর্মসূচির সঙ্গে এর যোগসূত্র তদন্তে স্পষ্ট হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে জননিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *