সিম্পাথি পেতেই বয়স্ক নেতাদের সামনে আনছে বামেরা? কলেজ স্ট্রিট কাণ্ডে নয়া বিতর্ক উসকাল এবিভিপি

রাজ্যের বর্ষীয়ান বাম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে লক্ষ্য করে এবিভিপি (ABVP)-র একাংশের ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়ার ঘটনায় বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল কলেজ স্ট্রিট চত্বর। এমনকি, তিনি ঘটনাস্থল ছাড়তেই “পালিয়ে গেল… পালিয়ে গেল…” রব ওঠে বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে গোটা বিষয়টিকে লঘু করে দেখিয়ে এবিভিপি-র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী দাবি করেছেন, “ছাত্রদের ব্যাপার। আন্দোলন তো কখনই নিরামিষ ছিল না। ওইটা একটু হয়।” পাশাপাশি, এবিভিপি যে বিজেপির ছাত্র সংগঠন নয়, তাও স্পষ্ট করেছেন তিনি।
কী বললেন শুভব্রত অধিকারী? গত বুধবার কলেজ স্ট্রিটে এসএফআই (SFI)-এর বই বিক্রির কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই সময় বিমান বসুকে দেখেই ‘গো-ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন এবিভিপি সমর্থকেরা। জবাবে বিমান বসু বলেছিলেন, “কী হবে গো-ব্যাক স্লোগান দিয়ে? আমি এখানে থাকতে আসিনি। বাস্তব জ্ঞান কম থাকলে, আর ইতিহাস নিয়ে জ্ঞান না থাকলে যা ঘটে তাই ঘটছে। চূড়ান্ত দুঃখের বিষয়।”
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘটনার প্রেক্ষিতে শুভব্রত অধিকারী বলেন, “বিমান বসু দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। ওনার প্রতি এই ধরনের আচরণ ঠিক নয়। তবে আমরা ব্যক্তি বিমান বসুর বিরুদ্ধে নয়, বামপন্থীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। বিমান বসুর বয়স হয়েছে, এই ধরনের অশান্তির জায়গায় আসা ওনার ঠিক নয়, কখন কী হয়ে যায়। যদিও আমরা চাই উনি দীর্ঘদিন আমাদের মধ্যে থাকুন।” তাঁর কটাক্ষ, সহানুভূতি পেতেই বামপন্থীরা বয়স্ক নেতাদের এই ধরনের পরিস্থিতিতে নিয়ে আসে।
‘বামপন্থীরা আমাদের জাত শত্রু’ বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভব্রত অধিকারী জানান, “হ্যাঁ, বামপন্থীরা আমাদের এবিভিপি-র জাত শত্রু। তাই সেই আন্দোলন ছিল এসএফআই-এর বিরুদ্ধে।” তাঁর দাবি, বই বিক্রির মাধ্যমে রাজনীতি করে বামপন্থীরা কেবল প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।
বামদের বইয়ের স্টলের পাশে সুশান্ত ঘোষের ভিডিও চালানোর হুঁশিয়ারি বামপন্থী বই ও আদর্শের তীব্র বিরোধিতা করে এবিভিপি নেতার বক্তব্য, “বামপন্থা একটা রোগ। বামপন্থী বই তো বটেই, তার নীতি নিয়েও আমাদের সমস্যা।” হুঁশিয়ারির সুরে তিনি আরও জানান, বামেরা যেখানেই বইয়ের স্টল দেবে, তার পাশেই এবার থেকে সুশান্ত ঘোষের ভিডিও চালানো হবে। সব মিলিয়ে, কলেজ স্ট্রিটের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও ছাত্র সংগঠনের অন্দরে নতুন করে বিতর্কের পারদ চড়ল।