১৫ কোটির বস্ত্র ব্যবসা আর বিলাসবহুল জীবন পেছনে ফেলে সন্ন্যাসের পথে গোটা পরিবার, দীক্ষা নেবেন দুই মেয়েও!

সম্পত্তি, স্বাচ্ছন্দ্য আর সাফল্যের পেছনে যখন ছুটছে প্রায় সবাই, তখন রাজস্থানের উদয়পুর জেলার যশবন্তগড় গ্রামের ভোগর পরিবার বেছে নিল ত্যাগ ও বৈরাগ্যের পথ। গুজরাতের সুরাতে প্রায় ১৫ কোটি টাকা বার্ষিক টার্নওভারের বস্ত্র ব্যবসা এবং সাজানো সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের চার সদস্য। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সুরাতের পাল এলাকায় একসঙ্গে জৈন দীক্ষা নেবেন পরিবারের কর্তা ৪৭ বছর বয়সি দিলীপ ভাই ভোগর, তাঁর ৪৫ বছর বয়সি স্ত্রী জ্যোতি বেন এবং তাঁদের দুই মেয়ে ২২ বছর বয়সি ছবি ও ১৪ বছর বয়সি চার্ভি।
মূলত উদয়পুরের যশবন্তগড়ের বাসিন্দা দিলীপ ভাই সুরাতে মাত্র একটি দোকান দিয়ে ব্যবসার যাত্রা শুরু করেছিলেন। পরিশ্রম ও নিষ্ঠায় ব্যবসা ধীরে ধীরে বড় হয়। সুরাতের টেক্সটাইল মার্কেটে তিনটি দোকান খোলার পাশাপাশি বেশ কিছু মেশিনও বসান তিনি। বার্ষিক টার্নওভার পৌঁছায় প্রায় ১৫ কোটি টাকায়। ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা থাকলেও আচার্যশ্রীর সান্নিধ্যে আসার পর দিলীপ ভাইয়ের মনে বৈরাগ্যের ভাব তৈরি হয়। ব্যবসা বাড়ানোর বদলে তা গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেন তিনি। এরপর স্ত্রী ও দুই মেয়ের সম্মতিতে সাংসারিক জীবন ছাড়ার সিদ্ধান্ত নেয় গোটা পরিবার।
আগেই সাধ্বী হয়েছেন বড় মেয়ে, এবার বাকি দুই মেয়েও
ভোগর পরিবারের কাছে ত্যাগের এই পথ একেবারে নতুন নয়। ২০২৩ সালেই সংসার ছেড়ে জৈন দীক্ষা নিয়েছিলেন পরিবারের সবচেয়ে বড় মেয়ে শৈলী। বর্তমানে তিনি সাধ্বী দর্শিতা নামে ধর্ম ও সাধনার পথে রয়েছেন। এবার বাবা-মায়ের সঙ্গে একই পথে হাঁটছেন পরিবারের বাকি দুই মেয়ে। বিবিএ গ্রাফিক ডিজাইনের পড়াশোনা শেষ করার পর ক্রোশিয়া শিল্পের ব্যবসা শুরু করেছিলেন ২২ বছরের ছবি, তবে চার মাসের মাথায় তা ছেড়ে দেন। অন্যদিকে, অষ্টম শ্রেণি পাশ করা ১৪ বছরের চার্ভি খেলাধুলায় বেশ আগ্রহী এবং সুরাতে জেলা স্তরে ফুটবলও খেলেছেন।
দীক্ষার আগে চলছে কঠোর প্রস্তুতি
পরিবারের আত্মীয় এবং উদয়পুরের সুভাষনগরের বাসিন্দা কুন্দন চন্ডালিয়া জানান, জৈন সন্ন্যাসীদের কঠোর নিয়মে পা রাখার আগে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। পায়ে হেঁটে চলা, খাওয়া-দাওয়া ও যাপনের কঠোর রীতিনীতি রপ্ত করেছেন তাঁরা। দীক্ষার অনুষ্ঠানের আগে বর্তমানে পরিবারটি নিজেদের পৈতৃক গ্রাম যশবন্তগড়ে এসেছে। সেখানে তাঁদের সম্মানে একটি শোভাযাত্রা বা বরঘোড়ার আয়োজন করা হয়। গ্রাম ও আশপাশের এলাকাগুলোতে তাঁদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। কোটি টাকার ব্যবসা ও আরামের জীবন ছেড়ে পরিবারের এই সিদ্ধান্তে আবেগাপ্লুত স্থানীয় বাসিন্দা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।