দাম ৫১ লাখ টাকা! মাসে ৩ কেজি ঘি খাওয়া ৮০০ কেজির ‘ছোট সুলতান’ চমকে দিচ্ছে মেলায়

রাজস্থানের পুষ্করে শুরু হয়ে গেছে বিশ্বখ্যাত আন্তর্জাতিক পুষ্কর মেলা। দেশের নানা প্রান্ত থেকে পশুপালকরা নিজেদের সেরা পশু নিয়ে এই মেলায় হাজির হয়েছেন। পর্যটক থেকে পুণ্যার্থী, সবার নজর কাড়ছে নানা প্রজাতির পশু। তবে এবারের মেলায় সবচেয়ে বেশি আলোচনা চলছে ৮০০ কেজি ওজনের এবং ৫১ লাখ টাকা দামের একটি মোষকে ঘিরে। ‘ছোট সুলতান’ নামের এই মোষটি তার বিশাল চেহারা আর গড়নের জন্য মেলায় আলাদা করে নজর কেড়েছে।
মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে ছোট সুলতানকে নিয়ে এসেছেন পশুপালক জগেশ। সাড়ে তিন বছর বয়সি এই মোষটি মুররা প্রজাতির। এর ওজন প্রায় ৮০০ কেজি, উচ্চতা সাড়ে পাঁচ ফুট এবং দৈর্ঘ্য প্রায় নয় ফুট। বিশাল শরীর আর আকর্ষণীয় গঠনের কারণে মেলায় আসা মানুষজন একে দেখতে থমকে দাঁড়াচ্ছেন। অনেক পশুপালক এর প্রজাতি ও যত্নআত্তি সম্পর্কেও খোঁজ নিচ্ছেন।
ছোট সুলতানের ডায়েটও বেশ নজরকাড়া। জগেশ জানিয়েছেন, প্রতি মাসে তাকে প্রায় তিন কেজি ঘি, সর্ষের তেল এবং তিলের তেল খাওয়ানো হয়। খাবার আর পরিচর্যার পেছনে প্রতিদিন প্রায় ১,৫০০ টাকা খরচ হয়। তাঁর কথায়, এত বড় দেহ সুস্থ ও সবল রাখতে খাওয়াদাওয়া ও যত্নের বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হয়।
পুষ্কর মেলায় ছোট সুলতানের দাম ৫১ লাখ টাকা ঠিক করেছেন জগেশ। মেলায় আসা অনেক পশুপালক ও ক্রেতা এর দাম ও বিশেষত্ব নিয়ে জানতে চাইছেন। যদিও এখন পর্যন্ত কেনাবেচার বিষয়ে কোনো চূড়ান্ত কথা হয়নি।