১২ বছরের কম বয়সীদের একা লিফট চড়ায় নিষেধাজ্ঞা! নতুন কড়া নিয়ম জারি রাজ্যে

নতুন নিরাপত্তা নিয়মাবলি জারি করে বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের জ্বালানি বিভাগ। ‘মহারাষ্ট্র লিফট, এসকেলেটর অ্যান্ড মুভিং ওয়াকস রুলস, ২০২৬’ অনুযায়ী, ১২ বছরের কম বয়সী শিশুরা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গ ছাড়া লিফট, এসকেলেটর বা মুভিং ওয়াকওয়ে ব্যবহার করতে পারবে না। ১ নভেম্বর থেকে পুরো রাজ্যেই এই নিয়ম কার্যকর হয়েছে।
শিশু ও নাবালকদের জন্য কী নিয়ম?
নিয়ম ১০(১৩) অনুসারে, ১২ বছরের কম বয়সিদের লিফট বা এসকেলেটরে ওঠার সময় অবশ্যই সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে থাকতে হবে। তবে যাঁদের বয়স ১২ বছর বা তার বেশি, তাঁদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। আবাসিক হাউজিং সোসাইটি, শপিং মল, বাণিজ্যিক কমপ্লেক্স, হাসপাতাল এবং অন্যান্য সরকারি বা সর্বজনীন ভবনের ক্ষেত্রে এই নিয়ম খাটবে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সি কাউকে লিফট অপারেটর হিসেবে নিয়োগ করা যাবে না।
এই নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে প্রশাসন কড়া পদক্ষেপ নিতে পারে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট সরঞ্জাম সিল করে দেওয়া বা ভবনের লিফট ব্যবহারের লাইসেন্স বাতিল করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
ভবন ও সোসাইটির জন্য বাধ্যতামূলক নির্দেশ
শিশুদের নিরাপত্তার পাশাপাশি ভবন মালিক এবং হাউজিং সোসাইটিগুলোর জন্যও বেশ কিছু বাধ্যতামূলক শর্ত আনা হয়েছে।
-
নিরাপত্তা সরঞ্জাম: প্রতিটি লিফটে সিসিটিভি ক্যামেরা, বিদ্যুৎ চলে গেলে কেবিনকে কাছের তলায় নামিয়ে আনার জন্য অটোমেটিক রেসকিউ ডিভাইস এবং অতিরিক্ত ওজন ঠেকাতে ওভারলোড প্রোটেকশন ডিভাইস থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৭ সালের ২৮ অক্টোবরের মধ্যে ভবনগুলোতে এই সরঞ্জাম বসাতে হবে।
-
রক্ষণাবেক্ষণ ও অডিট: অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে প্রতি মাসে লিফটের রক্ষণাবেক্ষণ করতে হবে। রাখতে হবে ২৪ ঘণ্টার জরুরি সহায়তা ব্যবস্থা এবং প্রতি বছর সেফটি অডিট সেরে তা ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের কাছে জমা দিতে হবে।
-
বিমা ও দুর্ঘটনার খবর: লিফটের জন্য থার্ড-পার্টি ইন্স্যুরেন্স বা তৃতীয় পক্ষের বিমা বাধ্যতামূলক করা হয়েছে। লিফট বা এসকেলেটরে কোনো দুর্ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে স্থানীয় পুলিশ ও ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরকে জানাতে হবে।
চলতি বছরে একাধিক লিফট দুর্ঘটনার ঘটনা
সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় লিফট সংক্রান্ত বেশ কয়েকটি বড় দুর্ঘটনা সামনে এসেছে। ৩১ অক্টোবর নালাসোপারা পশ্চিমে পাটানকার পার্কের ধনঞ্জয় অ্যাভিনিউতে একটি লিফট পাঁচতলা থেকে হঠাৎ নিচে পড়ে গেলে তিন মহিলাসহ আটজন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিন বছর পুরনো ওই ভবনের লিফটে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিত, কিন্তু বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।
অক্টোবরে কুরলার নেহরু নগরের ‘মাস মেট্রোপলিস’ ভবনে একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে লিফটে ওঠার পর চার শিশুসহ ১৪ জন প্রায় তিন ঘণ্টা আটকে পড়েন। লিফটটি ঝাঁকুনি দিয়ে ছয়তলা থেকে দ্রুত নিচে নেমে একতলার ঠিক ওপরে থেমে যায়। পরে পুলিশ ও দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করেন।
এর আগে জুলাই মাসে কুরলার নেহরু নগরের ‘শামিম টাওয়ার’ ভবনের দশম তলায় খোলা লিফট শ্যাফটে পড়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়। করিডোরে লুকোচুরি খেলার সময় বাইরের দরজায় হেলান দিলে সেটি খুলে গিয়ে সে নিচে পড়ে যায়। রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে তদন্তের পর সোসাইটির কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।