নভেম্বরে ফের বড় ছাঁটাই ইন্টেলে, গুরুগ্রামে অর্ধেক কর্মী কমাচ্ছে অ্যাডিডাসও?

নভেম্বরে ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মার্কিন চিপ নির্মাতা সংস্থা ইন্টেল। সংস্থার পরিচালন ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত কৌশলের কারণেই এই বড় পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক এই ছাঁটাইয়ের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে সংস্থার প্রযুক্তি কর্মীদের মধ্যে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ইন্টেলের সিইও লিপ-বু ট্যান খরচ কমানোর উদ্যোগ নেওয়ার পর থেকেই ছাঁটাইয়ের এই পরিস্থিতি তৈরি হয়েছে। ধুঁকতে থাকা ব্যবসা ফের সঠিক পথে ফেরাতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানানো হয়েছে। নভেম্বরে ঠিক কতজন কর্মী চাকরি হারিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট থেকে ছাঁটাই শুরুর ইঙ্গিত মিলছে।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে ইন্টেলের এক প্রতিনিধি বিজনেস ইনসাইডারকে জানিয়েছেন, সংস্থাকে আরও দক্ষ ও সুসংহত করতে নিয়মিত কর্মী মূল্যায়নের কাজ চলছে। উপলব্ধ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের শেষে ইন্টেলে কর্মী সংখ্যা ছিল ৮৫,১০০ জন। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৮১,১০০ জনে। অর্থাৎ চলতি বছরেই প্রায় ৪,০০০ কর্মী কমেছে সংস্থায়। ২০২৬ সালে ডেটা সেন্টার এবং এআই বিভাগের কর্মীরাও ছাঁটাইয়ের মুখে পড়েছেন। এর আগে ২০২৫ সালে সংস্থার পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ২৪,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল ইন্টেল।

এদিকে অন্য একটি বড় সংস্থাও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস ভারতে তাদের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। এই সিদ্ধান্তে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ওপর প্রভাব পড়তে পারে। তবে ঠিক কতজনের চাকরি যাবে, সে বিষয়ে সংস্থাটি এখনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *