মুস্তাফিজ়ুর-পাথিরানাকে ছেড়ে দিল KKR, দেখেনিন আর কারা বাদ পড়লেন?

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্স তথা KKR-এর প্লেয়ার রিটেনশন তালিকা। ২০২৭ সালের আইপিএল নিলামের আগে দল গুছিয়ে নিতে বড়সড় সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি। শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা এবং বাংলাদেশের পেসার মুস্তাফিজ়ুর রহমানকে এ বার দল থেকে মুক্তি দিল কলকাতা। এর ফলে দুই ক্রিকেটারের জন্য খরচ হওয়া বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে ফিরে পেল কেকেআর।

কাদের ছাড়ল KKR?

গত মরশুমে মেগা নিলামে রেকর্ড দামে দলগঠন করেছিল কেকেআর। কিন্তু ফিটনেস সমস্যা এবং অন্যান্য কারণে এবার একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী KKR যাঁদের ছেড়েছে:

  • মাথিশা পাথিরানা: ১৮ কোটি টাকা

  • মুস্তাফিজ়ুর রহমান: ৯.২ কোটি টাকা

  • তেজস্বী সিং দাহিয়া: ৩ কোটি টাকা

  • রাচিন রবীন্দ্র: ২ কোটি টাকা

  • অজিঙ্ক রাহানে: ১.৫ কোটি টাকা

  • আকাশ দীপ: ১ কোটি টাকা

  • ব্লেসিং মুজ়ারাবানি: ৭৫ লক্ষ টাকা

  • নবদীপ সাইনি: ৭৫ লক্ষ টাকা

  • রাহুল ত্রিপাঠী: ৭৫ লক্ষ টাকা

  • উমরান মালিক: ৭৫ লক্ষ টাকা

  • দক্ষ কামরা: ৩০ লক্ষ টাকা

  • লুভনীত সিসোদিয়া: ৩০ লক্ষ টাকা

পাথিরানা এবং মুস্তাফিজ়ুরদের ছেড়ে দেওয়ায় দল থেকে এক ধাক্কায় মোট ২৭.২ কোটি টাকা নিজেদের পার্সে ফিরিয়ে নিল কলকাতা। সবমিলিয়ে আগামী নিলামের আগে কেকেআরের হাতে মোট ৪১.৬৫ কোটি টাকার শক্তিশালী পার্স রয়েছে।

কেন বাদ পড়লেন পাথিরানা ও মুস্তাফিজ়ুর?

ক্রিকেট মহলের একাংশের মতে, চোট-আঘাত এবং প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তাই এই সিদ্ধান্তের মূল কারণ। গত মরশুমে ২০২৬ সালের আইপিএলে কেকেআরের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছিলেন পাথিরানা। মাত্র ৮ বল করে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। অন্যদিকে, বিসিসিআই-এর বিশেষ নির্দেশ এবং অন্যান্য কারণে বাংলাদেশের পেসার মুস্তাফিজ়ুর রহমান কলকাতার হয়ে একটি ম্যাচেও নামার সুযোগ পাননি। পাশাপাশি নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও রিটেন লিস্টে রাখেনি টিম ম্যানেজমেন্ট।

২৫.২ কোটির গ্রিনকে ভরসা

বড় নাম বাদ পড়লেও অস্ট্রেলিয়ার তারকা পেসার-অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে টিকিয়ে রেখেছে KKR। গত নিলামে রেকর্ড ২৫.২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। শুরুতে ছন্দে না থাকলেও পরে ব্যাট হাতে ১৪৫.৭০ স্ট্রাইক রেটে ৩২২ রান করেন এবং ৭টি উইকেটও নেন গ্রিন। ফিটনেস ও আন্তর্জাতিক সূচি নিয়ে কিছু প্রশ্ন থাকলেও তাঁর ওপরই ভরসা রাখছে দল। এখন দেখার, নিলামের আগে এই মোটা টাকা নিয়ে কোন নতুন তারকাদের দলে টানে কলকাতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *