দাদার পর জামাইবাবুও চলে গেল!” এক মাসের মধ্যে জোড়া মৃত্যুতে চোখের জলে ভাসছে জলপাইগুড়ির এক পরিবার

শ্যালকের মৃত্যুর শোক কাটিয়ে কর্মক্ষেত্রে ফেরার পথে উত্তরাখণ্ডে ঘটে গেল এক ভয়ংকর দুর্ঘটনা। সুদূর উত্তরাখণ্ডে টানেলের কাজ করতে যাওয়ার পথে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে গুরে মৃত্যু হলো জলপাইগুড়ির এক পরিযায়ী শ্রমিকের। এই মর্মান্তিক দুর্ঘটনায় শুধু ওই শ্রমিকের পরিবারই নয়, গোটা দক্ষিণ নাজিরপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক মাসের ব্যবধানে পরিবারে জোড়া মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
ঠিক কী ঘটেছিল উত্তরাখণ্ডে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর এক খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন এবং সেটি হরিদ্বার থেকে বদ্রীনাথের দিকে যাচ্ছিল। তেহরি জেলার গুলার নামক জায়গায় মুনি কি রেতি থানা এলাকার এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), পুলিশ ও দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পরিবারে নেমে এসেছে শোকের পাহাড়
মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম রাজ রায় (৪৫)। বাড়ি জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নাজিরপাড়া পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর পরিবার বলতে স্ত্রী পুষ্প রায় বর্মন এবং ১০ বছরের এক ছেলে দীপ রায় রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঠিক এক মাস আগে রাজের শ্যালক মারা যান। সেই শোকের জেরে এবং শ্যালকের সমস্ত কাজ সম্পন্ন করতে গত এক মাস ধরে বাড়িতেই ছিলেন রাজ। এরপর সোমবারই জলপাইগুড়ি থেকে বিমানে দিল্লি হয়ে উত্তরাখণ্ডে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। রাজ দীর্ঘ ১৫-১৬ বছর ধরে উত্তরাখণ্ডে টানেলের কাজ করতেন।
কান্নাজড়িত কণ্ঠে তাঁর স্ত্রী পুষ্প রায় বর্মন জানান, “সোমবারই কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে গিয়েছিল। আজ দুপুরে হঠাৎই মৃত্যুর খবর এল।” রাজের শাশুড়ি ফেলানি বর্মন বলেন, “একমাস আগে আমার ছেলেও মারা গেল। জামাই এতদিন ছেলের কাজের জন্য বাড়িতেই ছিল। সোমবার কাজে গেল। ছেলের পর আমার বড় আশ্রয় জামাইও চলে গেল। কীভাবে কী করব বুঝতে পারছি না।”
মৃতের শ্যালিকা সুমিত্রা রায় বর্মন জানান, গতকালও তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল রাজের। কিন্তু সামান্য সময়ের ব্যবধানে এমন বিপর্যয় নেমে আসবে, তা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। মর্মান্তিক এই ঘটনায় জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।