জানি তুমি প্রচণ্ড কিপটে, নির্দেশ অমান্য কোরো না!” গভীর রাতে হেলমেট পরে কারা কার্তিক ফেলে গেলেন দেবাংশুর দরজায়?

রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তরুণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে ঘিরে ফের শুরু হয়েছে হাসির রোল ও চাঞ্চল্য। সম্প্রতি নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি। যদিও এখনও তাঁর বিয়ে হয়নি, কেবল পারিবারিক আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। আর সেই খবরের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে সোজা দেবাংশুর বাড়ির দরজায় এসে হাজির হলেন কার্তিক ঠাকুর! শুধু তাই নয়, সঙ্গে নিয়ে এলেন এক লম্বা ভুরিভোজের ফর্দ এবং দেবাংশুকে নিয়ে এক মজার খোঁচা। পুরো ঘটনাটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেবাংশু।

সিসিটিভিতে ধরা পড়ল গভীর রাতের কাণ্ড

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে দেবাংশু লিখেছেন, “সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাঁকে রেখে দিয়ে গেছেন! সিসিটিভিতে দেখলাম, হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন। তাঁদের চিনতে পারিনি। কিন্তু যারাই করেছেন, তাঁদের বলি— আমি এখনও বিবাহিত নই, কেবল পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে! এত উত্তেজিত হবেন না প্লিজ! বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? যাই হোক, প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।” সোশ্যাল মিডিয়ায় কার্তিক ঠাকুরের সেই মূর্তির ছবিও পোস্ট করেছেন তিনি।

কার্তিকের ফর্দে কী কী রয়েছে?

দেবাংশুর পোস্ট অনুযায়ী, ওই কার্তিক ঠাকুরের সঙ্গে একটি কাগজের টুকরোয় খাবারের সুনির্দিষ্ট তালিকা দেওয়া হয়েছে। সেখানে চেয়েছে— ফিশ ফ্রাই বা কাবাব, ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও, কাতলা কালিয়া, চিকেন বা মাটন কষা, টমেটোর চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই এবং পান।

তবে শুধু খাবারের ফরমায়েশ করেই খান্ত হননি রসিকতা কারিরা। সেই চিঠিতে দেবাংশুকে উদ্দেশ্য করে আরও লেখা ছিল, “জানি তুমি প্রচণ্ড কিপটে। তাই বলে কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করার চেষ্টা কোরো না যেন!” সব মিলিয়ে, বিয়ের আগেই এই অভিনব উপায়ে ট্রোলিং ও মজার ছলে দেবাংশুর বাড়িতে কার্তিক ফেলে যাওয়ার এই ঘটনা এখন নেটদুনিয়ায় দারুণ ভাইরাল। প্রসঙ্গত, শুধু দেবাংশু একা নন, এর আগে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির বাড়িতেও একইভাবে কার্তিক ফেলে যাওয়ার ঘটনা সামনে এসেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *