অবসরের পর দুই অ্যাটেনডেন্ট, মাসে ১৫ হাজার বিশেষ ভাতা! রাজ্য়ের আইপিএস অফিসারদের জন্য বিশাল সুখবর দিল নবান্ন

রাজ্যের আইপিএস আধিকারিকদের কর্মদক্ষতা ও মনোবল আরও চাঙ্গা করতে একাধিক নতুন আর্থিক সুবিধা এবং ভাতার কথা ঘোষণা করল নবান্ন। দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন দাবি খতিয়ে দেখে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মরত আইপিএস অফিসারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আধিকারিকদের জন্যও বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে এই ঘোষণায়।
বিশেষ ভাতা ও বাড়িভাড়ার আকর্ষণীয় সুবিধা
নতুন নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন স্তরের আধিকারিকরা যে সমস্ত সুবিধা পাবেন:
-
বিশেষ ভাতা: কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস অফিসাররা প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন। পরবর্তীতে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
-
বাড়িভাড়া সংক্রান্ত সুবিধা: সরকারি আবাসন না পেয়ে যাঁরা বাড়িভাড়া ভাতা (HRA) নেন না, এমন অফিসারদের জন্য বড় স্বস্তি দেওয়া হয়েছে। তাঁরা বাড়িভাড়ার খরচ বাবদ প্রতি মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত রিইম্বার্সমেন্ট বা ফেরত পাবেন। শুধু তাই নয়, প্রতি তিন বছর অন্তর এই অর্থের পরিমাণ ২০ শতাংশ করে বাড়ানোর সংস্থানও রাখা হয়েছে।
সন্তানদের উচ্চশিক্ষায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
আইপিএস আধিকারিকদের সন্তানদের পড়াশোনা নিয়ে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আধিকারিকরা তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। দেশের পাশাপাশি বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন এবং বোর্ডিং স্কুলের খরচও এই ঋণের আওতাভুক্ত করা হয়েছে। পাশাপাশি, বিদেশ ভ্রমণের জন্য আর্থিক সুবিধা এবং অফিসের কাজে সহায়ক বা অ্যাটেনডেন্টের খরচ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার অফিসারদের জন্য বিশেষ ব্যবস্থা
বর্তমান কর্মরত আধিকারিকদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের কথাও ভুলে যায়নি প্রশাসন। অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আইপিএস আধিকারিকদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অবসরের পর তাঁরা দু’জন করে অ্যাটেনডেন্ট রাখতে পারবেন। ওই কর্মীদের সমস্ত বেতন রাজ্যের শ্রম দফতরের নির্ধারিত হার অনুযায়ী বহন করবে রাজ্য সরকার।
প্রশাসনিক মহলের মতে, মূলত আইপিএস আধিকারিকদের কাজের পরিবেশ উন্নত করা এবং তাঁদের কর্মদক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত সুবিধাগুলি দ্রুত কার্যকর করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।