রাতে ভারী প্রোটিন খেলেই কি গাঢ় ঘুম আসে? ঘুমোতে যাওয়ার আগে এই খাবারগুলো খাচ্ছেন না তো!

সারাদিনের ব্যস্ততা শেষে রাতের খাবারটা আরাম করে খেতে কার না ভালো লাগে! তবে শরীর সুস্থ রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই আজকাল ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। পেশি গঠন থেকে শুরু করে শরীরের মেটাবলিজম ঠিক রাখতে প্রোটিনের জুড়ি মেলা ভার। কিন্তু প্রশ্ন হলো, রাতের খাবারে অতিরিক্ত প্রোটিন রাখা কি শরীরের জন্য ভালো? বিশেষ করে এর ফলে কি রাতে ঘুম ভালো হয়, নাকি উল্টো বিপদের ঝুঁকি বাড়ে?
পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রোটিন আমাদের শরীরের অন্যতম জরুরি ম্যাক্রো-নিউ্রিটেন্ট হলেও রাতের বেলায় এর মাত্রাতিরিক্ত গ্রহণ ঘুমের গুণগত মানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
১. হজমের প্রক্রিয়া ধীর হয়ে যাওয়া: রাতের বেলা আমাদের শরীরের মেটাবলিজম ও পরিপাকতন্ত্র স্বাভাবিকভাবেই কিছুটা ধীর গতিতে কাজ করে। এই সময়ে যদি অতিরিক্ত প্রোটিন বা ভারী মাংস-ডিম খাওয়া হয়, তবে তা হজম করতে পাকস্থলীকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এর ফলে পেট ভারী হয়ে থাকা, গ্যাস বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে, যা গভীর ঘুমে বাধা সৃষ্টি করে।
২. মস্তিষ্কের ওপর বাড়তি চাপ: প্রোটিন জাতীয় খাবারে থাকা অ্যামাইনো অ্যাসিড অনেক সময় মস্তিষ্কে শক্তির জোগান বাড়িয়ে দেয় এবং শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। কিন্তু রাতের বেলা শরীর ও মস্তিষ্ককে শান্ত করা প্রয়োজন। অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে মস্তিষ্ক দীর্ঘক্ষণ সজাগ থাকার সংকেত পায়, যার কারণে সহজে ঘুম আসতে চায় না বা ঘন ঘন ঘুম ভেঙে যায়।
৩. সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি: এর অর্থ এই নয় যে রাতে একদমই প্রোটিন খাওয়া যাবে না। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, রাতের খাবারে অতিরিক্ত ভারী বা চর্বিযুক্ত প্রোটিনের বদলে সহজে হজম হয় এমন হালকা প্রোটিন যেমন—সামান্য ডাল, মাছ, পনির বা টোফু রাখা যেতে পারে। এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট ও ফাইবারযুক্ত খাবার রাখলে তা শরীরে ট্রিপটোফ্যান নামক হরমোন তৈরিতে সাহায্য করে, যা সুন্দর ও গভীর ঘুম নিশ্চিত করে।
স্বাস্থ্যকর খাওয়াদাওয়া মানেই অন্ধের মতো নিয়ম মেনে চলা নয়, বরং শরীরের চাহিদা বোঝা জরুরি। তাই রাতে অতিরিক্ত প্রোটিন খাওয়ার অভ্যাস থাকলে আজই তাতে সামান্য পরিবর্তন আনুন, যাতে শরীর ও মন উভয়ই পায় প্রশান্তি।