পায়ে ও নাভিতে দেশি ঘি লাগালেই কি ম্যাজিক হয়? প্রাচীন এই ঘরোয়া টোটকা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা!

আমাদের ঐতিহ্যবাহী ভারতীয় জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো খাঁটি দেশি ঘি। রান্নাবান্না থেকে শুরু করে রূপচর্চা কিংবা ঘরোয়া টোটকায় এর ব্যবহার বহু পুরনো। বিশেষ করে রাতে ঘুমানোর আগে পায়ের তালুতে ঘি মালিশ করা, নাভিতে ফোঁটা ফোঁটা ঘি দেওয়া কিংবা চোখের পাতায় তা লাগানোর মতো নানা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু প্রাচীন এই সমস্ত ঘরোয়া টোটকা কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো বিপদের ঝুঁকি? সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে এনেছেন বিশিষ্ট পুষ্টিবিদরা।
পায়ের তলুতে ঘি মালিশ করার সত্যতা অনেকেই বিশ্বাস করেন যে রাতে ঘুমানোর আগে পায়ের তালুতে ঘি লাগালে মানসিক চাপ কমে এবং গভীর ঘুম হয়। পুষ্টিবিদ গীতিকা চোপড়ার মতে, পায়ের ফাটল রোধ করতে এবং ত্বককে আর্দ্র রাখতে ঘি কাজ করতে পারে। কারণ ঘি ত্বকের ওপর একটি সুরক্ষাবলয় তৈরি করে আর্দ্রতা বজায় রাখে। তবে এর মাধ্যমে সরাসরি ঘুমের মান উন্নত হয় কিংবা শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে—এমন কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই।
নাভিতে ঘি দেওয়া কি আদৌ কার্যকরী? অনেকেরই ধারণা, নাভিতে ঘি দিলে হজমশক্তি উন্নত হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, নাভিতে ঘি ফেলার সঙ্গে অভ্যন্তরীণ অঙ্গের উন্নতির কোনো সরাসরি বৈজ্ঞানিক যোগসূত্র নেই। ত্বকে শুষ্কতার সমস্যা থাকলে সরাসরি সংশ্লিষ্ট জায়গায় ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।
কাটাছেঁড়া বা পুড়ে গেলে ভুলেও লাগাবেন না ঘি ত্বক সামান্য কেটে গেলে বা পুড়ে গেলে অনেকেই চটজলদি রান্নাঘরের কৌটো থেকে দেশি ঘি টেনে লাগান। কিন্তু এই ভুলটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। পুষ্টিবিদদের মতে, রান্নাঘরের খোলা ঘি কাটা বা পোড়া স্থানে লাগালে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সামান্য পুড়ে গেলে বরফ, টুথপেস্ট বা ঘি ব্যবহার না করে অন্তত ২০ মিনিট ঠান্ডা জলের নিচে সেই স্থানটি ধরে রাখা উচিত। আর ক্ষত গভীর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
চোখের পাতার যত্নে সতর্কতা অনেকেই চোখের পাতার শুষ্কতা দূর করতে সেখানে ঘি ব্যবহার করেন। কিন্তু এর ফলে চোখের পাতায় থাকা ছোট গ্রন্থিগুলিতে বাধা সৃষ্টি হতে পারে এবং মারাত্মক ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। তাই চোখের একেবারে সংবেদনশীল অংশে দেশি ঘি ব্যবহারের ঝুঁকি এড়িয়ে চলাই শ্রেয়।
সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত ব্যবহার বিশেষজ্ঞদের মতে, ডায়েটে সীমিত পরিমাণে দেশি ঘি রাখা শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যেকোনো অন্ধ বিশ্বাস বা অন্ধের মতো ঘরোয়া টোটকাকে আধুনিক চিকিৎসার বিকল্প হিসেবে ভেবে নেওয়া ভুল। প্রতিটি প্রাকৃতিক উপাদানই সবার জন্য নিরাপদ বা কার্যকরী নাও হতে পারে।