সাবান-শ্যাম্পু তো ছিলই না! হাজার হাজার বছর আগে আদিম মানুষ কীভাবে স্নান করতেন? জানলে চমকে যাবেন!

আধুনিক জীবনযাত্রায় রোজকার স্নান সারতে গেলে আমাদের হাতের কাছে সাবান (Soap) বা শ্যাম্পু থাকাটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সুগন্ধি সাবান বা বডি ওয়াশ ছাড়া স্নানের কথা আজকের দিনে আমরা ভাবতেই পারি না। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, হাজার হাজার বছর আগে যখন এই আধুনিক প্রসাধনীগুলোর কোনো অস্তিত্বই ছিল না, তখন আদিম যুগের মানুষ কীভাবে নিজেদের পরিষ্কার রাখতেন? তাঁরা কি তবে দিনের পর দিন অপরিষ্কার অবস্থাতেই থাকতেন? ইতিহাস বলছে, একদমই না। বরং প্রাচীন যুগের মানুষ শরীর পরিষ্কার ও সতেজ রাখতে প্রকৃতির নানা উপাদানের ওপর নির্ভর করে এমন সব অদ্ভুত পদ্ধতি বেছে নিয়েছিলেন, যা জানলে আজও অবাক হতে হয়।

নদীর বালি ও ছাই দিয়ে শরীর পরিষ্কার! সাবান আবিষ্কারের বহু আগে মানুষ মূলত নদী, পুকুর বা পাহাড়ি ঝরনার পরিষ্কার প্রবহমান জলে স্নান করতেন। শরীরের ঘাম, ধুলোবালি ও কাদা ধুয়ে ফেলার জন্য প্রাকৃতিক জলই ছিল প্রধান ভরসা। তবে ইতিহাস ঘাটলে আরও চমকপ্রদ তথ্য সামনে আসে। প্রাচীন গ্রিস ও রোমে স্নানের জন্য নদীর বালি ব্যবহার করার প্রচলন ছিল। বালির পাশাপাশি বিশেষ এক ধরনের মাটি, কাঠের ছাই এবং ঝামাপাথর দিয়ে শরীর ঘষে ঘষে ময়লা তুলতেন তৎকালীন মানুষেরা। স্নান শেষে ত্বক কোমল রাখতে এবং দুর্গন্ধ দূর করতে গায়ে মাখা হতো নানা রকমের সুগন্ধি তেল। এখানেই শেষ নয়, প্রাচীন গ্রিক ও রোমানদের স্নানের আরও একটি অদ্ভুত পদ্ধতি ছিল। তাঁরা ধাতুর তৈরি এক ধরনের ছোট বাঁকানো যন্ত্র দিয়ে শরীরের অতিরিক্ত তেল ও ময়লা চেঁছে ফেলে দিতেন। ইতিহাসে এই বিশেষ যন্ত্রটির নাম ছিল ‘স্ট্রিজিল’।

কীভাবে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম সাবান? সাবানের মতো পরিষ্কারক উপাদান তৈরির প্রথম চেষ্টা হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়া এবং ব্যাবিলনে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী, আজ থেকে প্রায় ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে পশুর চর্বি এবং গাছের ছাই একসঙ্গে মিশিয়ে সাবানের মতো একটি পদার্থ তৈরি করা হয়েছিল। ব্যাবিলনের প্রাচীন নিদর্শনে এমন উপাদানের স্পষ্ট প্রমাণ মিলেছে। অন্যদিকে, প্রাচীন মিশরের মানুষেরাও পরিচ্ছন্নতার ব্যাপারে ভীষণ সচেতন ছিলেন। তাঁরা শরীর পরিষ্কার রাখতে উদ্ভিজ্জ ও প্রাণিজ তেলের সঙ্গে চর্বি এবং প্রাকৃতিক ক্ষার মিশিয়ে বিশেষ ধরনের স্নানের উপাদান তৈরি করতেন।

সিন্ধু সভ্যতার উন্নত স্নানঘর প্রাচীন ভারতের ইতিহাসও এই বিষয়ে কোনো অংশে কম যায় না। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু সভ্যতায় অত্যন্ত উন্নত মানের স্নানঘর এবং জলনিকাশি ব্যবস্থা গড়ে উঠেছিল। ইতিহাসের পাতায় মহেঞ্জোদড়োর বিশাল স্নানাগারের কথা আজও বিস্ময় জাগায়। আধুনিক সাবান বা শ্যাম্পু না থাকলেও সেই যুগের মানুষ যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির প্রতি কতটা যত্নশীল ছিলেন, এটি তারই অন্যতম বড় প্রমাণ।

সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা ও স্নানের ধরনে আমূল পরিবর্তন এসেছে। কাঠের ছাই ও নদীর বালির জায়গা দখল করেছে আধুনিক সুগন্ধি সাবান ও শ্যাম্পু। তবে নিজেকে পরিষ্কার ও সতেজ রাখার এই চিরন্তন প্রচেষ্টা মানবসভ্যতার শুরু থেকেই একই রকম রয়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *