মা নেই, বাবা দিনমজুর! দেড় ঘণ্টা দুর্গম পাহাড়ি পথ মাড়িয়ে সেনাকর্মী হওয়ার লড়াই ছোট্ট অনুষ্কার

কালিম্পং জেলার গরুবাথান থানার আপার তিনকাটরি গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুষ্কা রাইয়ের জীবনসংগ্রাম হার মানার নীতি শেখায় বড় বড় মানুষকেও। মা নেই, আর বাবা কিরণ রাই পেশায় দিনমজুর ও কৃষক। কাজের সূত্রে বাবাকে প্রায়ই বাইরে থাকতে হয়। ফলে বাড়িতে বৃদ্ধা ঠাকুমার কাছেই মানুষ হচ্ছে সে। তবে এত অভাব ও প্রতিকূলতার মাঝেও ছোট্ট অনুষ্কার চোখে রয়েছে এক অদম্য স্বপ্ন—বড় হয়ে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে।
প্রতিদিন সকাল সাতটায় পিঠে স্কুলব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অনুষ্কা। ভাঙাচোরা, আঁকাবাঁকা ও দুর্গম পাহাড়ি পথ প্রায় দেড় থেকে দু’ঘণ্টা ‘ট্রেক’ করে সে পৌঁছয় রঙ্গু মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে। সকাল সাতটায় রওনা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চিপলেডারা হয়ে দীর্ঘ পথ পেরিয়ে সকাল দশটার আগেই স্কুলে পৌঁছায় সে। যাতায়াতের পথে ক্লান্ত হয়ে পড়লে পাহাড়ি ঝরনার জলে মুখ ধুয়ে, গলা ভিজিয়ে সামান্য জিরিয়ে নেয়। এরপর ঘেমে-নেয়ে একশা হয়েও একগাল মিষ্টি হাসি নিয়ে ফের শুরু হয় তার পথচলা। মনকে বোঝায়, থামলে কোনওভাবেই চলবে না! স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরতে তার বিকেল সাড়ে চারটে বেজে যায়।
বিশেষ করে বর্ষার দিনে এই যাতায়াত আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। পাহাড় থেকে প্রচণ্ড বেগে নেমে আসা ঝরনার জল এবং ধসের কারণে অত্যন্ত পিচ্ছিল রাস্তায় একাধিকবার হোঁচট খেয়ে চোটও পেয়েছে সে। শুধু অনুষ্কা একা নয়, আপার, মিডল ও লোয়ার তিনকাটরি ছাড়াও ভেড়েগাঁও ও চিপলেডারার প্রায় ৩৫ জন পড়ুয়া প্রতিদিন এই জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে।
শহরের সুযোগ-সুবিধায় বড় হওয়া ছেলেমেয়েদের কাছে অনুষ্কার এই লড়াই হয়তো কল্পনাতীত। অনুষ্কার এই অদম্য জেদ ও মনোবলকে কুর্নিশ জানিয়েছেন তাঁর শিক্ষিকারাও। স্থানীয় স্তরে দ্রুত যাতায়াতের জন্য ভালো রাস্তা নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও। জীবনের কঠিন বাস্তবকে সঙ্গী করে সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট্ট অনুষ্কার এই এগিয়ে চলা সমাজকে নতুন আলোর দিশা দেখাচ্ছে।