চিনের টার্গেটে ভারতের ডিফেন্স সিক্রেট! ইনসাইডার থ্রেট ও সাইবার হানার বিরুদ্ধে কড়া বার্তা বায়ুসেনাপ্রধানের

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির কৌশল এখন অনেকটাই বদলে গেছে। শুধুমাত্র প্রচলিত মধুচক্র বা হানিট্র্যাপের গণ্ডি পেরিয়ে শত্রুপক্ষ এখন সাইবার নজরদারি, আর্থিক প্রলোভন এবং ঋণের ফাঁদের মতো নানা অভিনব উপায় ব্যবহার করছে। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত একটি জাতীয় নিরাপত্তা সম্মেলনে এমনটাই সতর্কবার্তা দিলেন বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তাঁর এই মন্তব্যের পরই প্রতিরক্ষা মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
শুধু হানিট্র্যাপ নয়, বিপদের জাল আরও চওড়া
এনআইএ (ANI) আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি সামিট ৩.০-তে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনাপ্রধান স্পষ্ট জানান, প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি বা কর্মকর্তাদের ফাঁসানোর জন্য এখন বহুমুখী পথ বেছে নিচ্ছে সাইবার অপরাধী ও বিদেশি গুপ্তচররা। বিষয়টিকে শুধু মধুচক্রের ফাঁদ হিসেবে দেখলে মারাত্মক ভুল হবে। বর্তমানে মাল্টি লেভেল মার্কেটিং (MLM) বা চড়া সুদের ঋণদাতাদের খপ্পরে ফেলে আধিকারিক বা কর্মচারীদের ব্ল্যাকমেল করার চেষ্টা চলছে। তবে এই সমস্ত বিপজ্জনক পরিস্থিতির ওপর ভারতীয় সেনা কড়া নজর রাখছে এবং তা দমনে পরিকল্পনাও তৈরি রয়েছে।
এয়ার-গ্যাপড নেটওয়ার্ক ও ‘ইনসাইডার থ্রেট’
সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল দীক্ষিত জানান, সামরিক বাহিনীর নেটওয়ার্ক সাধারণত ‘এয়ার-গ্যাপড’ অর্থাৎ বাইরের ইন্টারনেটের সঙ্গে সরাসরি সংযোগহীন। ফলে বাইরে থেকে সাইবার হানা চালানো অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও অভ্যন্তরীণ সূত্র থেকে তথ্য ফাঁসের আশঙ্কা বা ‘ইনসাইডার থ্রেট’-এর ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক—উভয় স্তরেই কড়া পদক্ষেপ করা হয়েছে। সরকারি ডিআরডিও-র পাশাপাশি বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলিকেও সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য বিশেষ পরামর্শ ও গাইডলাইন দেওয়া হচ্ছে।
চিনের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর
সম্মেলনের অন্য একটি অধিবেশনে চিনের সামরিক তৎপরতা নিয়েও মুখ খোলেন বায়ুসেনাপ্রধান। তিনি জানান, প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপের ওপর ভারতীয় সেনার তীক্ষ্ণ নজর রয়েছে। সম্ভাব্য যেকোনো আগ্রাসন রুখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে দেশ। শুধু আধুনিক অস্ত্রশস্ত্র নয়, শত্রুর সেনার প্রশিক্ষণ, নেটওয়ার্ক নির্ভর যুদ্ধের দক্ষতা এবং দুর্গম উচ্চতায় সামরিক সরঞ্জামের কার্যকারিতা—প্রতিটি বিষয় নিখুঁতভাবে খতিয়ে দেখেই কৌশল সাজাচ্ছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ওপর জোর দিলেও, দেশের সুরক্ষায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ভারতীয় সেনা বাহিনী।