ফেসবুকে ‘এনগেজড’ লিখেই বোমা ফাটালেন দেবাংশু! কে এই রহস্যময়ী হবু স্ত্রী?

রাজ্যে পালাবদলের পর থেকেই সক্রিয় রাজনীতির ময়দান থেকে কার্যত উধাও ছিলেন দেবাংশু ভট্টাচার্য। একসময়ের তৃণমূলের দাপুটে মুখপত্র এবং সোশ্যাল মিডিয়ার ফ্রন্টলাইন যোদ্ধা যুবনেতা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন প্রচারের আলো থেকে। তবে সমস্ত জল্পনা ও নীরবতা ভেঙে আচমকাই সোশ্যাল মিডিয়ায় বড় সুখবর শোনালেন দেবাংশু। ব্যক্তিগত প্রোফাইলে নিজের বাগদানের খবর ঘোষণা করতেই ফের রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।
ফেসবুকের এক স্ট্যাটাসেই শোরগোল দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক পেজে কোনও রাজনৈতিক পোস্ট বা উপস্থিতি না থাকলেও, রবিবার হঠাৎই নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি স্টেটাস আপডেট করেন দেবাংশু। সেখানে তাঁর সম্পর্কের স্ট্যাটাসে লেখা রয়েছে ‘Engaged’ বা বাগদান সম্পন্ন। তবে কার সঙ্গে তাঁর এই নতুন পথ চলা শুরু হচ্ছে, বিয়ের দিনক্ষণ কবে—এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। হবু স্ত্রীর নাম বা ছবিও প্রকাশ করেননি। এদিকে এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। সংবাদমাধ্যমের পক্ষ থেকে দেবাংশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক পটপরিবর্তন ও ভোটের হার তৃণমূলের মিটিং-মিছিল কিংবা প্রতিদিনের টেলিভিশন বিতর্কে যাঁকে নিয়মিত দেখা যেত, ভোটের পর সেই দেবাংশু ভট্টাচার্যকে আর সামনে আসতে দেখা যায়নি। দলের কোনো কর্মসূচিতেও তাঁর উপস্থিতি উধাও হয়ে যায়। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনো পোস্ট দেখা যায় না।

উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন দেবাংশু। তবে সেই লড়াইয়ে বিজেপি প্রার্থী সুবীর নাগের কাছে প্রায় ৪৩ হাজার ভোটে পরাজিত হন তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে।
কে এই হবু কনে? দানা বাঁধছে রহস্য দেবাংশুর হঠাৎ এই বাগদানের ঘোষণায় স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে উঠেছে নেটিজেনদের মধ্যে। পাত্রের নাম দেবাংশু ভট্টাচার্য হওয়ায় ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। একটি সূত্র দাবি করছে, দুবাই নিবাসী এক বিমান সংস্থায় কর্মরত যুবতীর সঙ্গে আংটি বদল করেছেন উত্তরপাড়ার এই রাজনৈতিক নেতা। অন্যদিকে, অপর একটি সূত্র থেকে খাড়দার এক ছাত্রনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ানোর গুঞ্জন শোনা গেলেও, সেই তরুণী অবশ্য সংবাদমাধ্যমের কাছে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। সব মিলিয়ে, দেবাংশুর জীবনের এই নতুন অধ্যায় ঘিরে কৌতূহল এখন তুঙ্গে।