ফের জ্বলছে বাংলাদেশ! শেখ হাসিনার ফেরার আগেই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, নামল বিজিবি

পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পরেও ফের উত্তপ্ত হয়ে উঠল ওপার বাংলা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তার প্রস্তুতিকে কেন্দ্র করে রবিবার দিনভর রণক্ষেত্রের রূপ নিল গোপালগঞ্জ। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামাতে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-কে। একই সঙ্গে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও সরিয়ে দিয়েছে প্রশাসন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের শোডাউন ও উত্তেজনা ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঘোষিত কর্মসূচির প্রস্তুতি হিসেবে রবিবার সকালে গোপালগঞ্জে বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে ফেলা হয়। বেলা বাড়তেই সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে শুরু করেন। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ উঠেছে, এদিন বিক্ষোভকারীদের একাংশের পক্ষ থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গাড়ির গায়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়। এমনকি শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এও আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভরত আওয়ামী লীগ কর্মীদের অনেকের হাতেই ধারাল অস্ত্র ও লাঠিসোটা দেখা গিয়েছিল।

ককটেল বিস্ফোরণ ও নামফলক বদল রবিবারের এই বিক্ষোভের জেরে গোটা গোপালগঞ্জ শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেস ক্লাব এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পাশাপাশি, বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের নামফলক এবং ছবি ভাঙচুরের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, বর্তমান প্রশাসনের শীর্ষ নেতার ছবি নামিয়ে তাতে ভাঙচুর চালানো হয়। এমনকি গোপালগঞ্জ সরকারি কলেজের বর্তমান নামের ফলক মুছে ফেলে তার জায়গায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু কলেজ’-এর ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’-এর ব্যানার লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

প্রশাসনের কড়া পদক্ষেপ ও বিজিবি মোতায়েন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দ্রুত কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ শহরে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি, রবিবার বিকালের মধ্যেই বড় প্রশাসনিক পদক্ষেপে গোপালগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মহম্মদ হাবীবুল্লাহকে সরিয়ে দেওয়া হয়। সরকারি নির্দেশ অনুযায়ী, হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিতর্কিত পুলিশ সুপার হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ১৯ নভেম্বরকে কেন্দ্র করে এই সংঘাতে নতুন করে রাজনৈতিক পারদ চড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *