ইউএসবি কেবলের মাথায় ওই দুটো চারকোনা ফুটো কেন থাকে জানেন? আসল রহস্য জানলে চমকে যাবেন!

রোজ তো কতবার মোবাইল চার্জে বসান কিংবা ল্যাপটপে পেনড্রাইভ লাগান। কিন্তু ইউএসবি কেবলের স্টিলের মাথায় থাকা দুটো ছোট চারকোনা ফুটো কি কখনও খেয়াল করেছেন? দেখতে খুব সাধারণ মনে হলেও এই ফুটোগুলোর পেছনে লুকিয়ে রয়েছে দারুণ এক ইঞ্জিনিয়ারিং।

নব্বইয়ের দশকের শেষের দিকে ইনটেল বা মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো মিলে প্রথম এই ইউএসবি পোর্টের নকশা তৈরি করেছিল। কীবোর্ড বা প্রিন্টারের মতো ডিভাইসগুলো যাতে খুব সহজে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা যায়, সেটাই ছিল এর মূল উদ্দেশ্য।

ল্যাপটপ বা কম্পিউটারের ইউএসবি পোর্টের ভিতরের অংশটি কখনও ভালো করে খেয়াল করেছেন কি? সেখানে স্প্রিং দেওয়া দুটো ছোট ক্লিপ থাকে। তারের মাথার ওই চারকোনা ফুটো দুটো ঠিক ওই ক্লিপের সঙ্গে একদম খাপে খাপে আটকে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। পোর্টে তার গুঁজে দিলেই একটা হালকা ক্লিক শব্দ শুনতে পাবেন। ওই স্প্রিংয়ের ক্লিপগুলো ফুটোর মধ্যে শক্ত হয়ে বসে যায়। এর ফলে তারে একটু টান লাগলেও সেটা সহজে পোর্ট থেকে খুলে বেরিয়ে আসে না।

জরুরি কোনো ডেটা পারাপার করার সময় বা মোবাইল চার্জ দেওয়ার সময় আচমকা তার খুলে গেলে যে চরম বিরক্তি লাগে, সেই সমস্যা এড়াতেই এই লকিং সিস্টেম রাখা হয়েছে। হাজার বার প্লাগ ইন বা আনপ্লাগ করলেও এই ক্লিপগুলো সহজে নষ্ট হয় না। শুধু তাই নয়, এই চারকোনা ফুটো আছে বলেই পুরনো ইউএসবি কেবল কখনোই উল্টো করে পোর্টে ঢোকানো যায় না। কেবল সঠিক দিকে ঢোকালেই ওই ফুটো আর ভিতরের ক্লিপের লক ঠিকমতো কাজ করতে পারে।

অবশ্য প্রযুক্তির হাত ধরে নিয়ম এখন অনেকটাই বদলে গেছে। আজকালকার নতুন ইউএসবি টাইপ সি কেবলে এমন কোনো ফুটো থাকে না। পোর্টের ভিতরের স্প্রিং সরাসরি তারের ভিতরের খাঁজে আটকে যায়। তাই টাইপ সি কেবল উল্টো বা সোজা, যে কোনো দিক থেকেই খুব সহজে পোর্টে ঢুকিয়ে দেওয়া যায়। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন সমস্ত নতুন স্মার্টফোনে টাইপ সি পোর্ট থাকা বাধ্যতামূলক করেছে। তবুও আমাদের অফিস বা ঘরের টেবিলে পুরনো ইউএসবি এ পোর্টের এই ফুটোওয়ালা নকশা আজও দিব্যি টিকে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *