পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী উদযাপন কেন? সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্যে শোরগোল ক্রিকেট মহলে!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন মোহিত উলভা। কিন্তু ম্যাচ শেষের সেই আনন্দ ও আগ্রাসী উদ্‌যাপন ভালোভাবে নেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর এই মন্তব্য ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

মঞ্জরেকরের নিশানায় ভারতীয় যুবাদের আগ্রাসন শনিবারের ফাইনালে একসময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের দখলেই। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় ভারত। জয় নিশ্চিত করার পর ভারতীয় ক্রিকেটারদের যে ধরনের আগ্রাসী উদ্‌যাপন করতে দেখা যায়, তা নিয়ে প্রশ্ন তোলেন মঞ্জরেকর। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট জানান, ভারতীয় ক্রিকেটের এখন উচিত সমমানের প্রতিপক্ষ বেছে নেওয়া। যদি মাঠে আগ্রাসন দেখাতে হয়, তবে তা পাকিস্তান নয়, বরং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে দেখানো উচিত। তাঁর মতে, পাকিস্তান এখন যথেষ্ট সহজ ও দুর্বল টার্গেট হয়ে দাঁড়িয়েছে।

কী বললেন মহম্মদ ইউসুফ? শুধু সঞ্জয় মঞ্জরেকরই নন, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের আচরণ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফও। ভারতীয় যুবাদের উদ্দেশে তাঁর বার্তা ছিল অত্যন্ত সংযত। তিনি মনে করিয়ে দেন, মাঠে যখন কেউ দেশের প্রতিনিধিত্ব করে, তখন তার সঙ্গে জড়িয়ে থাকে পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং ছোটবেলায় মা-বাবার কাছ থেকে পাওয়া নৈতিকতা। তাই জয় বা পরাজয়, সব পরিস্থিতিতেই সম্মানজনক আচরণ বজায় রাখা উচিত। ফলাফল যাই হোক না কেন, মাঠে একজন খেলোয়াড়ের প্রকৃত স্পোর্টসম্যানশিপ তার আচরণেই প্রকাশ পায়।

নাটকীয় জয়ের রেশ কাটার আগেই দুই দেশের প্রাক্তনীদের এই মন্তব্য ভারতীয় যুবাদের সেলিব্রেশন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। জুনিয়র স্তরে জয়ের উল্লাস এবং প্রতিপক্ষকে সম্মান জানানোর ভারসাম্য ঠিক কোথায় থাকা উচিত, তা নিয়েই এখন চলছে নানা আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *