ক্যাটাগরি ১ তকমা ধরে রাখার লড়াই! ১৬ নভেম্বর থেকেই শুরু হচ্ছে মার্কিন টিমের বড় অডিট

ভারতের অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে দেশে আসছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বিমান পরিবহণ বাজার হিসেবে পরিচিত এই দেশে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নতুন করে মূল্যায়ন বা অডিট চালাবে মার্কিন প্রতিনিধি দল।
কী খতিয়ে দেখবে এফএএ? সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভারত এফএএ-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ক্যাটাগরি ১’ রেটিং তালিকাভুক্ত রয়েছে। বিমান নিরাপত্তা তদারকির ক্ষেত্রে এই স্বীকৃতিকে আন্তর্জাতিক মানের হিসেবে ধরা হয়। এফএএ-র অডিট টিম মূলত তিনটি প্রধান বিষয় নিয়ে পর্যালোচনা করবে। সেগুলি হলো ভারতের বিমান পরিবহণ নিয়ন্ত্রক কীভাবে বিমান পরিচালনা তদারকি করে, বিমানের উড়ানক্ষমতা যাচাই করে এবং কীভাবে বিমানকর্মীদের লাইসেন্স প্রদান করা হয়।
আগের অডিটগুলির প্রেক্ষাপট: এর আগেও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-র কার্যপদ্ধতি খতিয়ে দেখেছে এফএএ। ২০২১ সালের অক্টোবর মাসে এই সংক্রান্ত একটি বড় অডিট হয়। এরপর ২০২২ সালের জুলাই ও সেপ্টেম্বর মাসে আরও কিছু পর্যালোচনা করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিল মাসে চূড়ান্ত আলোচনার পর ভারত তাদের কাঙ্ক্ষিত ‘ক্যাটাগরি ১’ রেটিং ধরে রাখতে সফল হয়েছিল।
কেন এই অডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ? সাম্প্রতিক সময়ে দেশের আকাশপথে বেশ কিছু দুর্ঘটনা এবং বিপত্তির ঘটনা সামনে আসায় এবারের মূল্যায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ২০২৫ সালে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের ঠিক পরেই ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া চলতি বছরেও দেশের বিভিন্ন প্রান্তে একাধিক হেলিকপ্টার দুর্ঘটনা এবং বিমানের কারিগরি গোলযোগের খবর সামনে এসেছে। এই সমস্ত ঘটনা স্বাভাবিকভাবেই বিমান নিরাপত্তার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও-র অডিটে ডিজিসিএ-র তদারকি ও উড়ানক্ষমতা যাচাইয়ে দুটি বড় নিরাপত্তাগত ত্রুটি ধরা পড়েছিল। যদিও ২০১৩ সালের আগস্টের মধ্যে সেই ত্রুটিগুলি সংশোধন করে নেওয়া হয়েছিল, তবুও মার্কিন এফএএ-র পক্ষ থেকে ভারতের নিরাপত্তা তদারকি ক্ষমতা নিয়ে অতীতে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এখন দেখার আগামী ১৬ থেকে ২০ তারিখের এই মূল্যায়নে ভারত কীভাবে তার আন্তর্জাতিক মান ও মর্যাদা বজায় রাখতে সফল হয়।