“চণ্ডীচরণ রায় আমায় দেখতেই পারেন না!” পানিহাটের সংঘর্ষে নিয়ে বিস্ফোরক রত্না দেবনাথ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে কামারহাটির দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাজারে কয়েকজন যুবককে একটি দোকানের সামনে বসে বচসা করতে দেখেন নিহত বিজেপি কর্মী অরূপ সাহার স্ত্রী রুমা সাহা। সেই ঝামেলা মেটানোর চেষ্টা করলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে অরূপ সাহা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মৃতের স্ত্রী রুমার দাবি, সেখানে প্রায় ৪০-৫০ জন যুবক জড়ো হয়েছিল, যাদের মধ্যে বিরোধীদের পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালীর অনুগামীরাও ছিল। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে স্থানীয় যুবকেরা তাঁর দিকে তেড়ে আসে। স্ত্রীকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, সেই সময়ই কয়েকজন যুবক সজোরে তাঁর বুকে ধাক্কা মারে। মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অরূপ সাহা। দ্রুত তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি; চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিস্ফোরক বিধায়িকা রত্না দেবনাথ: কাঠগড়ায় জেলা নেতৃত্ব

এই মর্মান্তিক ঘটনার পরেই রাজ্য প্রশাসনের ভূমিকা এবং দলের অন্দরের সমন্বয়হীনতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পানিহাটির ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হলেও তাঁর সঙ্গে জেলা সভাপতির কোনো সমন্বয় নেই।

বিধায়িকার অভিযোগ, “চণ্ডীচরণ রায় আমাকে সহ্য করতে পারেন না। গত ৪ তারিখের পর যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, বর্তমানে দলেও তারাই বেশি গুরুত্ব ও কাজের সুযোগ পাচ্ছেন।” এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে ক্ষোভপ্রকাশ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপের দাবি

ঘটনার তীব্র নিন্দা করে রত্না দেবনাথ জানান, পুরো পরিস্থিতি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে এবং তাঁর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক না কেন—তৃণমূল বা বিজেপি—আইন অনুযায়ী সকলের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। পাশাপাশি, মৃত বিজেপি কর্মী অরূপ সাহার স্ত্রী রুমার চিহ্নিত করা সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন পানিহাটির বিধায়িকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *