“পশ্চিমবঙ্গ কি বাঙালিদের, নাকি উগ্র বিহারীদের?” ছটপুজো নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!

সম্প্রতি ছটপুজো উপলক্ষে হাওড়া স্টেশনের চত্বর ও সাজসজ্জা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, দুর্গাপুজোর সময় কেন এই স্টেশন এমন জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয় না? অথচ এই স্টেশন দিয়ে অসংখ্য বাঙালি যাতায়াত করেন, বাইরে থেকে আসেন বা বাংলা ছাড়েন। দুর্গাপুজোর সময় এমন উদ্যোগ দেখা না গেলেও ছটপুজোর ক্ষেত্রে বিশেষ আয়োজন কেন করা হচ্ছে, সেই প্রশ্ন তুলায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

“বাঙালিরা কি তবে দ্বিতীয় শ্রেণির নাগরিক?”

তৃণমূল সাংসদের অভিযোগ, বাংলার সাংস্কৃতিক পরিচয়কে একটি পরিকল্পিত উপায়ে দুর্বল করার চেষ্টা চলছে। বিজেপির রাজনীতির প্রভাবেই বাংলায় বাঙালিদের গুরুত্ব কমছে বলে দাবি করে তিনি বলেন, বাঙালিরা ক্রমশ নিজেদের ভূমিতেই দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হচ্ছেন। আগামিদিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “সনাতন ধর্ম পালনের অর্থ কি বাঙালিদের সরিয়ে উগ্র হিন্দুদের প্রতিষ্ঠা করা?”

পরীক্ষার কেন্দ্র থেকে হাইকোর্ট—অবাঙালি আধিপত্য নিয়ে চাঞ্চল্যকর দাবি

এখানেই থেমে থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের কাছে একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ানো এক বাঙালি যুবককে তাঁর পরিচয় নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্টও করেছেন তিনি। তাঁর দাবি, শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে ওই যুবককে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে।

পাশাপাশি, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যেও অবাঙালিদের প্রভাব ও আধিপত্য বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। তৃণমূল সাংসদের মতে, বাংলার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে অবাঙালিদের আধিপত্য তৈরি হচ্ছে, তাতে আগামী পাঁচ বছর এই পরিস্থিতি চলতে থাকলে বাঙালি সমাজের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে। প্রবীণ সাংসদের এই মন্তব্য ঘিরে এখন রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *