মার্কস-লেনিন থেকে সুকান্ত—বইকেই হাতিয়ার করে মাঠে নামলেন বামকর্মীরা, মিলছে ব্যাপক সাড়া

দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বুক স্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। সেই ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য এবার সম্পূর্ণ নতুন এক কৌশল নিল সিপিআই(এম)। প্রতিবাদের ভাষা হিসেবে ‘বই’-কেই হাতিয়ার করে পথে নেমেছেন বামকর্মীরা। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকেও এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কার্যত একলা চলার পথেই এই নতুন অস্ত্র শানিয়ে মাঠে নেমেছে বাম শিবির।
রবিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ায় পাড়ায় এবং ঘরে ঘরে বই নিয়ে প্রচারে নেমে পড়েছেন বামপন্থী কর্মীরা। এদিন এই অভিনব কর্মসূচির ছবি দেখা গেল বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরে। হাতে বইয়ের ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সিপিআই(এম) কর্মীরা। এলাকার সাধারণ মানুষের কাছে বই তুলে দেওয়ার পাশাপাশি চলছে মতবিনিময়। সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগ ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই আগ্রহের সঙ্গে বামপন্থীদের কাছ থেকে বই সংগ্রহ করছেন।
বামেদের এই বুক স্টল বা প্রচারে শুধু মার্কস-লেনিনের রাজনৈতিক তত্ত্বই নয়, বিশেষ স্থান পাচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের বইও। যা সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের নজর কেড়েছে। অন্যদিকে, দুর্গাপুজোর সময় বামপন্থীদের বুক স্টল ভাঙচুরের ঘটনাকে আজও ভালোভাবে নিচ্ছেন না এলাকার সাধারণ মানুষ। তাঁদের মতে, বই মানুষের জ্ঞান ও চেতনার বিকাশ ঘটায়। সেই বইয়ের স্টল ভেঙে দেওয়া মানে আদতে শিক্ষা ও সংস্কৃতির উপর আঘাত হানা।
উল্লেখ্য, পুজোর সময় বুক স্টল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছিল, যেখানে বামেদের পাশে দাঁড়িয়েছিল অন্যান্য বিরোধী দলগুলিও। তবে গত এক সপ্তাহে বাম নেতাদের একাধিক মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত জল্পনা উড়িয়ে বইকে হাতিয়ার করেই জনসংযোগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে বামেরা। শুধু পাড়ায় পাড়ায় ঘোরাই নয়, চলতি সপ্তাহেই মহাবোধি সোসাইটিতে একটি বিশেষ বইয়ের আসর বসানোর পরিকল্পনাও রয়েছে তাদের। ঘরোয়া এই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে বামেরা, এখন সেটাই দেখার।