ব্রেক ফেল অবস্থাতেই ৪৬৩ কিমি পথ ছুটল খালি বন্দে ভারত! বড়সড় দুর্ঘটনার হাতছানি থেকে রক্ষা রেলের?

গত ২৪ অক্টোবর ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসি পর্যন্ত একটি খালি রেক নিয়ে যাওয়ার কথা ছিল। শুরুতে ঠিক হয়েছিল, একটি মালবাহী লোকোমোটিভ এই খালি রেকটিকে টেনে নিয়ে যাবে এবং দুটির ব্রেকিং সিস্টেম যুক্ত করা হবে। কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট রেলকর্মীদের একাংশ সঠিক নিয়ম না মেনে খামখেয়ালিভাবে ট্রেনটি চালাতে শুরু করেন। সমস্যা চিহ্নিত হওয়ার পরও সতর্কবার্তা পুরোপুরি উপেক্ষা করা হয়।
তদন্তে জানা গেছে, রাঁচি থেকে ছাড়ার পর লোকো পাইলট দেখতে পান যে ট্রেনের ব্রেক সিস্টেম অত্যন্ত দুর্বল ও অকার্যকর। রাঁচি স্টেশনে পৌঁছানোর পর তিনি বিষয়টি লিখিতভাবে সেকশন কন্ট্রোলার ও ট্র্যাকশন লোকো কন্ট্রোলারকে জানান। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। এরপর মুড়ি স্টেশনে অন্য এক লোকো পাইলটও ব্রেকের দুর্বল কার্যক্ষমতার কথা কন্ট্রোলারদের জানান। তিনি স্পষ্ট জানান যে ব্রেক প্রেশার কমে যাওয়ায় ট্রেন থামানো কঠিন হচ্ছে। তবুও ট্রেনটিকে থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় (DDU) স্টেশনের রেলকর্মীরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন।
তদন্তে উঠে এল একাধিক গাফিলতি
পরে রেলকর্তারা ট্রেনটি পরিদর্শন করে দেখতে পান, সমস্ত বগির ব্রেকিং সিস্টেম কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, যার কারণে ব্রেকগুলি কাজই করছিল না। প্রাথমিক তদন্তে কোচ অ্যান্ড ওয়াগন কর্মী, সংশ্লিষ্ট স্টেশনগুলির সেকশন ও ট্র্যাকশন কন্ট্রোলার এবং হাতিয়া থেকে ডিডিইউ পর্যন্ত ট্রেন পরিচালনা করা ক্রুদের বড়সড় গাফিলতি ধরা পড়েছে।
তদন্তে আরও পরিষ্কার হয়েছে যে, ট্রেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা খালি রেকটি ছাড়ার আগে ব্রেক ঠিকমতো কাজ করছে কি না তা সরেজমিনে পরীক্ষা করতেই ব্যর্থ হন। এমনকি আধুনিক বন্দে ভারত ট্রেনের ব্রেকিং সিস্টেম সম্পর্কে ট্রেনের কর্মীদের অনেকেরই স্পষ্ট ধারণা ছিল না। রাঁচির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সাম্প্রতিক সময়ে রেলের নিরাপত্তা নিয়ে নানা মহলে উদ্বেগ বাড়ছে, আর এই ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল।