প্রাণনাশের ছক খোদ অমিতাভ বচ্চনকে! কুখ্যাত দুই শার্প শুটার গ্রেফতার হতেই ফাঁস ভয়ঙ্কর ষড়যন্ত্র

গত অক্টোবর মাসে পঞ্জাবের অমৃতসরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও এলজিবিটিকিউ+ মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধুকে (মধুসূদন সিং) নির্মমভাবে গুলি করে খুন করা হয়। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্তরা। অবশেষে এক মাসেরও বেশি সময় পর শনিবার এই মামলার সঙ্গে জড়িত দুই শুটারকে পাকড়াও করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

ডিসিপি স্পেশাল সেল (এনডিআর) নারা চৈতন্য জানান, এসিপি বিবেক ত্যাগীর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়। প্রথমে দিল্লি থেকে পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকিকে গ্রেফতার করে পুলিশ। এক বিদেশি গ্যাংস্টারের নির্দেশে দিল্লির এক বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের উদ্দেশ্যে তাঁকে গুলি করতে এসেছিল সে। স্পেশাল সেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

বিগ বি-কে খুনের ভয়াবহ ছক

ধৃত বিকাশ ঠাকুরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। এরপরই দ্রুত অভিযান চালিয়ে মুম্বই থেকে তার সহযোগী দীপ ওরফে দীপক সিংকে (পঞ্জাবের তারানের বাসিন্দা) গ্রেফতার করা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে, বিদেশে আত্মগোপন করে থাকা এক গ্যাংস্টার মুম্বইয়ে লুকিয়ে থাকা এই দীপক সিংকেই অমিতাভ বচ্চনকে গুলি করার দায়িত্ব দিয়েছিল। জানা গিয়েছে, ১৯৮৪ সালের কথিত শিখ-বিরোধী মন্তব্যের প্রতিশোধ নিতেই বিগ বি-কে খুন করার এই ভয়াবহ ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল।

কে এই বিকাশ ও দীপক?

তদন্তকারীরা জানিয়েছেন, ২৫ বছর বয়সী বিকাশ ঠাকুর একসময় পড়াশোনায় বেশ মেধাবী ছিল। কিন্তু খারাপ সঙ্গ এবং জুয়ার নেশায় পড়ে ২০১৯ সালে অপরাধ জগতে পা বাড়ায় সে। ২০২৩ সালে কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোইকে অস্ত্র সরবরাহ করেছিল বিকাশ। পরবর্তীতে অনিল পণ্ডিত ও রণদীপ মালিকের মতো গ্যাংস্টারদের হয়েও কাজ করে এবং বর্তমানে টাকার বিনিময়ে বিভিন্ন গ্যাংয়ের ‘কন্ট্রাক্ট কিলার’ বা চুক্তিভিত্তিক অপরাধী হিসেবে কাজ করত।

অন্যদিকে, ধৃত দীপক সিং আগে ট্রাক চালক ও হেল্পার হিসেবে কাজ করত। কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার লোভ তাকে গ্যাংস্টারদের খপ্পরে ফেলে দেয়। পুলিশের দাবি, দীপক তার সহযোগী পালবিন্দর ওরফে কাকার সঙ্গে মিলে গত ৩ অক্টোবর অমৃতসরে ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধুকে গুলি করে হত্যা করেছিল। পালবিন্দরকে পঞ্জাব পুলিশ আগেই গ্রেফতার করলেও, দীপক পালিয়ে মুম্বইয়ে গা ঢাকা দিয়েছিল। পুলিশের তৎপরতায় বড়সড় অঘটন ঘটার আগেই ধরা পড়ল এই দুই পেশাদার খুনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *