কলেজের জমি দেখিয়ে ১৪ কোটির ব্যাঙ্ক ঋণ প্রতারণা! টালিগঞ্জ থেকে গ্রেফতার ২, তুঙ্গে রাজনৈতিক তরজা

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সূত্রে জানা গিয়েছে, অর্ণব সিকদার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল টালিগঞ্জ এলাকা থেকে গৌতম বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম দাসকে গ্রেফতার করা হয়। পুলিশ আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ধৃত দুজনেই অতীতে একটি কলেজের পরিচালনা পর্ষদের সচিব পদে ছিলেন এবং সেই সময়েই এই আর্থিক অনিয়মগুলি ঘটে। অভিযোগ, কলেজের জমি দেখিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা আর মেটানো হয়নি। বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।

সিপিএমের বিরুদ্ধে তোপ বিজেপি বিধায়কের

গ্রেফতারির পরই জানা যায়, ধৃত গৌতম বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম দাস একসময় সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। এই প্রসঙ্গে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরকম লোকের গ্রেফতার হওয়াই উচিত, একদম ঠিক হয়েছে। কারও ৫০ মাস, কারও ৫২ মাস বেতন দেওয়া হয়নি। আমি তো এমনও শুনেছি যে, এখান থেকে টাকা চুরি করে উনি পার্টির ফান্ডে টাকা পাঠাতেন।”

অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব সিপিএমের

গ্রেফতারির ঘটনায় দলের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম নেতৃত্ব। দলের রাজ্য কমিটির এক নেতার দাবি, ২০২৩ সালেই আর্থিক দুর্নীতির প্রমাণ মেলায় এই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, “যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে একসময় আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল দলের শীর্ষ নেতৃত্বের কাছে। তদন্ত কমিশন গঠন করে দুর্নীতির প্রমাণ মেলায় তাঁদের কলেজের পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং সাময়িক সাসপেন্ড করা হয়। এরপরও পদ না ছাড়ায় তিন বছর আগেই তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

বিজেপির অভিযোগের পাল্টা জবাবে ওই সিপিএম নেতা আরও বলেন, “এটা তৃণমূল বা বিজেপি নয় যে দুর্নীতি করেও দলে বহাল তবিয়তে থাকা যায়। তিন বছর আগেই পার্টি তাঁদের তাড়িয়ে দিয়েছে। এখন বহিষ্কৃত ব্যক্তিদের দলের নেতা বলে প্রচার চালিয়ে লাল ঝাণ্ডাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সফল হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *