“১০০০ থেকে সোজা ৩০০০ টাকা!”-১৯ নভেম্বরের EPFO বৈঠকে কি মিলবে বহু প্রতীক্ষিত স্বস্তি?

দেশের লক্ষ লক্ষ প্রবীণ ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) ২৪০তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর আগামী ১৯ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই সভাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। আশা করা হচ্ছে, এই বৈঠকেই বহুপ্রতিক্ষীত ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির ঘোষণা করতে পারে কর্তৃপক্ষ।

ইপিএফও-র ২৪০তম সভা ও স্থান পরিবর্তন

প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, ইপিএফও-র এই গুরুত্বপূর্ণ বৈঠকটি গুজরাতের গির-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৩০ সেপ্টেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যদের কাছে এই মর্মে চিঠিও পাঠানো হয়েছিল। তবে ৪ নভেম্বর জারি করা একটি নতুন নির্দেশিকায় সভার স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন নির্ধারিত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে নয়াদিল্লির পূর্ব কিডওয়াই নগরে অবস্থিত EPFO-র প্রধান কার্যালয়।

ন্যূনতম পেনশন কি ১০০০ থেকে বেড়ে ৩০০০ টাকা হবে?

EPS পেনশনভোগীদের মনে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি সত্যিই ন্যূনতম মাসিক পেনশন বাড়াতে চলেছে? দীর্ঘদিন ধরেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আওতায় ন্যূনতম পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার জোরালো দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।

সূত্রের খবর, এই বিষয়ে ইতিমধ্যেই শ্রম মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। দুটি মন্ত্রক ৩ হাজার টাকার ন্যূনতম পেনশনের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং একটি চুক্তিতেও পৌঁছেছে বলে খবর। তবে ওয়াকিবহাল মহলের মতে, এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত অনুমোদন বা ঘোষণা করা হয়নি।

২০১৪ সাল থেকে অপরিবর্তিত রয়েছে পেনশনের অঙ্ক

বর্তমানে EPS-এর আওতায় ন্যূনতম মাসিক ১০০০ টাকার পেনশন চালু রয়েছে, যা ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছিল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই টাকার পরিমাণ সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। অথচ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকায় সংসার চালানো যে অত্যন্ত কঠিন, তা বারবার তুলে ধরেছেন পেনশনভোগী সংগঠন ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন। এমনকি বেশ কিছু সংগঠন ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০০ টাকা করার দাবিও তুলেছে।

পেনশনভোগীদের জন্য জরুরি সতর্কতা

আপনি যদি একজন EPS পেনশনভোগী হন এবং ন্যূনতম ৩ হাজার টাকা পেনশন পাওয়ার আশায় থাকেন, তবে মাথায় রাখা দরকার যে— এখনও পর্যন্ত বাস্তবে কোনো নিয়ম পরিবর্তন হয়নি। বর্তমানে ন্যূনতম মাসিক পেনশন আগের মতোই ১০০০ টাকা রয়েছে। ৩ হাজার টাকা বৃদ্ধির এই খবরটি বিভিন্ন সূত্র ও রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি হলেও, সরকারের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল সিলমোহর পড়েনি। তাই সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত বিভ্রান্ত না হওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *