২০২৭-এর আগে মেগা মাস্টারস্ট্রোক! আগ্রায় বিশাল দলিত মহাসমাবেশ ডেকে কি বড় খেলা খেলছেন অখিলেশ?

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক তৎপরতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে সমাজবাদী পার্টি (SP)। রাজ্যের পশ্চিমাঞ্চলে মুসলিম ও দলিত ভোটারদের এক সুতোয় বেঁধে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির ছক কষছে অখিলেশ যাদবের দল। আর সেই লক্ষ্যেই আজ ১৫ নভেম্বর আগ্রায় এক বিশাল দলিত মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদব এই মহাসমাবেশে যোগ দিয়ে পশ্চিম উত্তরপ্রদেশে দলের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবেন।
আগ্রাকে কেন্দ্র করেই কেন এই রণকৌশল?
উত্তর ভারতে দলিত রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয় আগ্রাকে। পশ্চিম উত্তরপ্রদেশের এই অঞ্চলে জাটভ সম্প্রদায়ের বিশাল জনসংখ্যা রয়েছে, যা দীর্ঘকাল ধরে বহুজন সমাজ পার্টির (BSP) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ২০১৭ ও ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, এই অঞ্চলটি বর্তমানে বিজেপির প্রভাবাধীন এলাকায় পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে আগ্রায় দলিত মহাসমাবেশ আয়োজনের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। সংবিধান রক্ষা, সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার এবং দলিত মহাপুরুষদের সম্মানের মতো জোরালো ইস্যুগুলোকে সামনে রেখে বসপার ঐতিহ্যবাহী ভোটব্যাঙ্কে পৌঁছানোর কৌশল নিয়েছে সপা। গত কয়েক বছর ধরেই দলিত সমাজকে নিজেদের সংগঠনের কাছাকাছি আনতে নানাবিধ উদ্যোগ নিয়েছে দলটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ‘সংবিধান ও সংরক্ষণ বাঁচাও’ ইস্যুটিকে হাতিয়ার করে সাফল্য পেয়েছিল সপা-কংগ্রেস জোট। এবার সেই একই রাজনৈতিক বার্তা ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের ময়দানেও জোরালোভাবে প্রয়োগ করতে চাইছে তারা।
পিডিএ (PDA) ফর্মুলা ও সমীকরণের অঙ্ক
দলিত ও সংখ্যালঘু ভোটারদের এই রাজনৈতিক মেলবন্ধনের মূল দায়িত্ব অর্পণ করা হয়েছে সপা-র রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ দলিত নেতা রামজিলাল সুমনকে। তিনি বিভিন্ন জেলায় ঘুরে দলিত সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। মূলত ‘পিডিএ’ (পিসিদা, দলিত এবং সংখ্যালঘু) বা PDA-র রাজনীতিকে সামনে রেখেই এগোচ্ছে দল।
ভোটারদের সামাজিক ও নির্বাচনী বিন্যাস
পশ্চিম উত্তরপ্রদেশের রাজনীতিতে মুসলিম ও দলিত জনগোষ্ঠীর উপস্থিতি অত্যন্ত প্রভাবশালি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, পশ্চিম ইউপির বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা প্রায় এক চতুর্থাংশ বা তারও বেশি। বিশেষ করে সাহারানপুর, মুজাফফরনগর, বিজনোর, মোরাদাবাদ, রামপুর ও আমরোহায় সংখ্যালঘু ভোটারদের সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য।
পাশাপাশি, দলিত ভোটও এই অঞ্চলের বেশ কিছু জেলায় সপা-র মূল রাজনৈতিক ভিত্তি হয়ে উঠতে পারে। সাহারানপুরে তফশিলি জাতির জনসংখ্যা ২২.০৫ শতাংশ, বিজনুরে ২১.৩৮ শতাংশ, আগ্রায় প্রায় ২২.৪ শতাংশ এবং মেরঠে ১৮.১২ শতাংশ। এছাড়া হাতরস সহ সংলগ্ন জেলাগুলিতেও দলিত ভোটারদের যথেষ্ট প্রভাব রয়েছে। সব মিলিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মেগা সমীকরণ কতটা প্রভাব বিস্তার করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।