বড় সুখবর! বাংলায় একধাক্কায় ৩৫% বাড়ছে দৈনিক মজুরি, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

: রাজ্যে একশো দিনের কাজের মেয়াদ বাড়িয়ে আগেই ১২৫ দিন করা হয়েছিল। আর এবার ‘ভিবি-জি রাম জি’ (VB-G RAM G) প্রকল্পের অধীনে গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি একধাক্কায় ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ সরকার। এতদিন এই প্রকল্পে দৈনিক ৩০০ টাকা করে মজুরি পাওয়া যেত। তবে এবার তা বাড়িয়ে ৪০৭ টাকা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। এমনকি চলতি নভেম্বর মাস থেকেই যাতে এই নতুন বর্ধিত মজুরি কার্যকর করা হয়, সেই ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলায় ভিবি-জি রাম জি প্রকল্পে কর্মরত গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার আর্জি জানিয়ে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি লিখেছেন। এর পাশাপাশি একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নভেম্বর মাস থেকেই শ্রমিকদের নতুন হারে মজুরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোপাল সফরের সময় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এই মজুরি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে বলে জানান তিনি।
ভিনরাজ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই প্রস্তাব: প্রসঙ্গত, গত ১লা জুলাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে সারা দেশের জন্য নতুন মজুরির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় পশ্চিমবঙ্গের জন্য দৈনিক ৩০০ টাকা মজুরি ধার্য করা হয়। অথচ ওই একই তালিকায় দেশের তিনটি রাজ্যে দৈনিক ৪০০ টাকার বেশি মজুরি দেওয়ার কথা জানানো হয়েছিল— যার মধ্যে হরিয়ানাতে ৪০৯ টাকা, গোয়াতে ৪০৬ টাকা এবং কেরালাতে ৪০১ টাকা বরাদ্দ রয়েছে। ভিনরাজ্যের এই মজুরির হারের ভিত্তিতেই বাংলার শ্রমিকদের জন্য দৈনিক ৪০৭ টাকা মজুরির প্রস্তাব রাখা হয়েছে।
মজুরি বৃদ্ধির ক্ষেত্রে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী— প্রথমত ন্যূনতম মজুরি, দ্বিতীয়ত ক্রমবর্ধমান দৈনন্দিন জীবনযাত্রার খরচ এবং তৃতীয়ত অন্যান্য রাজ্যের তুলনায় বর্তমান মজুরির পার্থক্য।
উপকৃত হবেন ২.৩ কোটিরও বেশি মানুষ: রাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ এই ভিবি-জি রাম জি প্রকল্পে নথিভুক্ত রয়েছেন। ফলে মজুরি বৃদ্ধি পেলে রাজ্যের এক বিশাল সংখ্যক গ্রামীণ মানুষ সরাসরি আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করছে প্রশাসন। বর্তমানে রাজ্যে এই প্রকল্পে ১০ লক্ষ কর্মদিবস তৈরি হচ্ছে, যা আগামী দিনে কেন্দ্রীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী ২২ কোটি কর্মদিবসে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, একসময় মনরেগা (MGNREGA) প্রকল্পে গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে থাকত পশ্চিমবঙ্গ। কিন্তু বিভিন্ন বেনিয়মের অভিযোগে দীর্ঘ চার বছর রাজ্যে এই প্রকল্পের কাজ স্থগিত থাকায় লক্ষ লক্ষ শ্রমিক কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর পুনরায় কাজ শুরু হওয়ায় এবং মজুরি বৃদ্ধির এই নতুন উদ্যোগে গ্রামীণ অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।