বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে জিতুর প্রেম! প্রাক্তন স্বামীর নতুন সম্পর্ক নিয়ে নীরবতা ভেঙে কী বললেন নবনীতা?

টলিপাড়ার অন্দরে কান পাতলেই এখন একটাই ফিসফাস—‘বিগ বস বাংলা’র ঘরে নাকি অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে গভীর প্রেমে মজেছেন অভিনেতা জিতু কমল। রীতিমতো প্রেমপত্র লিখে, আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে মনের কথাও জানিয়ে দিয়েছেন তিনি। সৃজলা এখনও প্রকাশ্যে হ্যাঁ বা না কিছুই বলেননি ঠিকই, কিন্তু তাতে কি আর গুঞ্জন থামে? দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন—এটা কি সত্যিই নতুন প্রেমের শুরু, নাকি পুরোটাই বিগ বসের গেম প্ল্যান?
জিতু ও সৃজলার এই রসায়ন নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, ঠিক তখনই সবার নজর গিয়ে পড়েছে জিতুর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসের দিকে। প্রাক্তন স্বামীর এই নতুন সমীকরণ নিয়ে কী ভাবছেন তিনি? জল্পনার মাঝেই অবশেষে নীরবতা ভাঙলেন নবনীতা।
‘আমি তো এখন ওর ঘনিষ্ঠ কেউ নই…’ সম্প্রতি এক সাক্ষাৎকারে জিতু ও সৃজলার চর্চিত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বেশ সাবলীল ও পরিণত ভঙ্গিতেই উত্তর দেন নবনীতা। হাসিমুখেই তিনি স্পষ্ট করে দেন যে, জিতুর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার জায়গায় তিনি আর নেই। নবনীতার কথায়, “প্রথমত আমি এখন ওর ঘনিষ্ঠ ব্যক্তি নই কোনোভাবেই। সে এখন কী ভাবছে বা কী করছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।”
এই গোটা বিতর্ক থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। তাঁর যুক্তি, বিগ বসের ঘরে যাঁরা রয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরাও জানেন না ক্যামেরার সামনে প্রতিযোগীরা কী স্ট্র্যাটেজি নিয়ে খেলবেন। নবনীতা বলেন, “আমি তো সেখানে ওর ফ্যামিলির অংশই নই! তাই আমার এই বিষয়ে কিছু বলার থাকে না।”
জিতুর খেলার প্রশংসায় প্রাক্তন স্ত্রী: ব্যক্তিগত সমীকরণ থেকে দূরত্ব বজায় রাখলেও, বিগ বসের ঘরে জিতুর খেলার ধরন নিয়ে ইতিবাচক মন্তব্যই করেছেন নবনীতা। কাজের ব্যস্ততায় পুরো এপিসোড দেখার সময় না পেলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রিলস তাঁর চোখে পড়ে। নবনীতার মতে, জিতু বরাবরই ‘ফ্রন্ট ফুট’-এ খেলতে ভালোবাসেন। আর বিগ বসের মতো রিয়্যালিটি শোয়ে টিকে থাকতে হলে খোলস ছেড়ে বেরোনো জরুরি, জিতু ঠিক সেটাই করছেন।
প্রাক্তন স্বামীর সঙ্গে এখন কেমন যোগাযোগ? জিতুর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে একটি মজার তথ্যও সামনে এনেছেন নবনীতা। তিনি জানান, সাধারণ সময়ে দুজনের মধ্যে খুব একটা কথাবার্তা হয় না। কিন্তু যখনই জিতুকে ঘিরে চারদিকে কোনো বড় বিতর্ক বা চর্চা শুরু হয়, ঠিক তখনই হঠাৎ করে প্রাক্তন স্বামীর ফোন বা মেসেজ পান তিনি! বিপদে-আপদে কেবল একজন বন্ধুর মতো পাশে থাকা—দুজনের যোগাযোগ এখন ঠিক ওইটুকুতেই সীমাবদ্ধ।
গত তিন বছর একা পথ চলতে চলতে জীবনটাকে নতুনভাবে দেখতে শিখেছেন নবনীতা। কোথায় থামতে হবে আর কোথায় এগিয়ে যেতে হবে, সেই হিসেবটা এখন তিনি ভালোই বোঝেন। আপাতত অতীতের সম্পর্ক বা কোনো বিতর্ক নিয়ে না ভেবে, নিজের নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান পর্দার ‘মা তারা’।