খুন করেও বিন্দুমাত্র অনুতাপ নেই! বরানগর কাণ্ডে পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত ধরমবীরের

বরানগরের ফাঁকা ফ্ল্যাটে অঞ্জলি সাউ হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় অত্যন্ত ভাবলেশহীন ও সাবলীলভাবেই খুনের কারণ স্বীকার করে নিয়েছে ধৃত অভিযুক্ত ধরমবীর। সূত্রের খবর, নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েও তার চোখেমুখে বিন্দুমাত্র অনুতাপের ছাপ নেই। জেরায় সে দাবি করেছে, অঞ্জলি তার কথা শুনছিল না বলেই তাকে খুন করেছে সে।

খুনের পর কী পরিকল্পনা ছিল অভিযুক্তের? পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়ে সাধারণ মানুষের মতো কৃষিকাজ করে আত্মগোপন করার ছক কষেছিল ধরমবীর। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃতার মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে পালাতে গিয়েই পুলিশের পাতা জালে ধরা পড়ে যায় সে। শুক্রবার রাতে ওই মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মাকে ফোন করে ১৩ সেকেন্ড চুপ, রহস্যের পর্দাফাঁস: তদন্তে জানা গিয়েছে, খুনের পর অঞ্জলির মোবাইল ফোন থেকেই তাঁর মাকে হোয়াটসঅ্যাপ কল করেছিল ধরমবীর। ফোনের ওপার থেকে অঞ্জলির মায়ের গলা শুনেও ইচ্ছে করেই ১৩ সেকেন্ড ধরে কোনো উত্তর দেয়নি সে। জেরায় অভিযুক্ত জানিয়েছে, এর পরই সব সত্যি বলে দেওয়ার উদ্দেশ্যে অঞ্জলির বাবাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে। পাশাপাশি, অঞ্জলির ভাইয়ের ওপর থাকা ব্যক্তিগত রাগ থেকেই তাকেও হোয়াটসঅ্যাপ করেছিল ধরমবীর।

২০২১ সাল থেকে পরিচয়, তিনবার সাক্ষাৎ: পুলিশি তদন্তে আরও উঠে এসেছে যে, ২০২১ সাল থেকেই অঞ্জলির সঙ্গে পরিচয় ছিল ধরমবীরের। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মোট তিনবার অঞ্জলির সঙ্গে দেখা করতে এসেছিল সে। প্রথম দু’বার হাওড়ায় থাকলেও, এবার তার গন্তব্য ছিল বরানগর। দীর্ঘদিনের এই পরিচয় ও সাক্ষাতের পর ঠিক কোন পরিস্থিতিতে সম্পর্কের এমন ভয়াবহ পরিণতি হলো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Editor001
  • Editor001

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *