তুলসী গাছে জল দেওয়ার এই ভুলটাই করছেন না তো? অজান্তেই বড় ক্ষতি হচ্ছে গাছের!

ভারতীয় পরিবারের ঘরে ঘরে তুলসী গাছ থাকা একরকম দস্তুর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী গাছ অত্যন্ত পবিত্র। তাই প্রতিদিন সকালে স্নান সেরে বহু মানুষই ভক্তিভরে তুলসী তলায় জল ঢালেন এবং পুজো করেন। কিন্তু আপনি কি জানেন, তুলসী গাছে জল দেওয়ারও নির্দিষ্ট কিছু নিয়ম ও সময় রয়েছে? একটু ভুল বা অতিরিক্ত জল পড়লেই সাধের তুলসী গাছ মরতে বসে।
সকালে জল দেওয়াই সবচেয়ে ভাল: বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালবেলা। সকালের দিকে জল দিলে গাছের শিকড় দ্রুত ও সহজে সেই আর্দ্রতা শোষণ করে নিতে পারে। সারাদিন ধরে সূর্যের আলো পাওয়ার সময় গাছ সেই জল সঠিকভাবে কাজে লাগাতে পারে। এছাড়া সকালে জল দিলে মাটির অতিরিক্ত আর্দ্রতা ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার সুযোগ পায়।
সন্ধ্যা বা রাতে জল দেওয়া কি ঠিক? অনেকেই সন্ধ্যার সময়ও তুলসী গাছে জল দিয়ে থাকেন। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কতা, সন্ধ্যার পরিবর্তে সকালে জল দেওয়া অনেক বেশি নিরাপদ। রাতে বা সন্ধ্যার সময় গাছে জল দিলে মাটিতে দীর্ঘক্ষণ আর্দ্রতা বা ভেজা ভাব বজায় থাকে। এর ফলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে শীত ও বর্ষাকালে এই বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি। তবে একান্তই প্রয়োজন হলে সূর্যাস্তের আগেই গাছের গোড়ায় সামান্য জল দেওয়া যেতে পারে।
প্রতিদিন কি জল দেওয়া দরকার? নিয়ম করে প্রতিদিন গাছে জল দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু সব সময় প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হয় না। মাটির অবস্থা, আবহাওয়া এবং টবের সাইজের ওপর নির্ভর করে গাছের জলের চাহিদা। মাটির ওপরের অংশ সম্পূর্ণ শুকিয়ে গেলেই কেবল জল দেওয়া উচিত।
তুলসী গাছ ভালো রাখার সহজ কিছু টিপস:
-
তুলসী গাছ সবসময় এমন স্থানে রাখুন, যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পাওয়া যায়।
-
গাছের টবের তলায় অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ভালো নিকাশি ব্যবস্থা থাকতে হবে।
-
গাছের গোড়ায় কখনোই অতিরিক্ত জল জমতে দেবেন না।
-
বর্ষাকালে বৃষ্টির জল পেলে আলাদা করে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে।
-
শীতকালে মাটি শুকোতে বেশি সময় নেয়, তাই এই ঋতুতে জলের পরিমাণও কমাতে হবে।
ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার দিকে নজর দেওয়া সমানভাবে জরুরি। একটু নিয়ম মেনে সঠিক সময়ে জল, পর্যাপ্ত আলো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারলে আপনার বাড়ির তুলসী গাছ দীর্ঘদিন সতেজ ও সবুজ থাকবে।