ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি! নাম বাদ পড়াদের জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের

ভুলবশত ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের জন্য বিরাট স্বস্তির খবর শোনাল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টে একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট বা হলফনামা জমা দিয়ে কমিশন জানিয়েছে, যোগ্য কোনো নাগরিকই যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে ফর্ম-৮ জমা দেওয়া এবং স্থানান্তরিত ভোটারদের নাম তোলা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।
ফর্ম-৮ নিয়ে বড় স্বস্তি: নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, যে সমস্ত ভোটার রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, তাঁদের আর নতুন করে ফর্ম-৮ (যা মূলত স্থানান্তরিতদের জন্য নির্ধারিত) জমা দেওয়ার দরকার নেই। পরিবর্তে তাঁরা এনুমারেশন ফর্মের সঙ্গে ‘অ্যানেক্সার-সি’ জমা দিতে পারবেন। সেখানে তাঁদের নতুন ঠিকানা ও বিধানসভার উল্লেখের পাশাপাশি ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। এই ফর্ম বিএলও (BLO), ইআরও (ERO) বা এইআরও (AERO)-র কাছে জমা দেওয়া যাবে।
কাদের জন্য কী নিয়ম? ১. যাঁদের নাম ভুলবশত বাদ পড়েছে: যাঁদের নাম ‘অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট ভোটার’ হিসেবে চিহ্নিত করে ভুলবশত বাদ দেওয়া হয়েছে, তাঁদের নাম ফের তালিকায় তোলার জন্য বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। ২. এনুমারেশন ফর্ম জমা: যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) হয়েছে বা চলছে, সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ পড়া ভোটারদের এনুমারেশন ফর্ম (অ্যানেক্সার এ) পূরণ করে জমা নিতে। ৩. ইতিমধ্যে ফর্ম জমা দেওয়া ভোটাররা: খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর যে ভোটাররা ইতিমধ্যেই ফর্ম-৬ জমা দিয়েছেন, তাঁদের নতুন করে আর কোনো এনুমারেশন ফর্ম জমা দিতে হবে না। তাঁদের আগের আবেদনই প্রসেস করা হবে। এছাড়া বৈধ ভোটারদের ক্ষেত্রে তাঁদের আগের এপিক নম্বরটিই (EPIC number) বহাল রাখা হবে।
মামলার প্রেক্ষাপট ও কমিশনের আশ্বাস: এর আগে সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ ও অন্যান্যদের পক্ষে আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া পুরোনো ভোটারদেরও নতুন করে ফর্ম-৬ জমা দিতে বাধ্য করা হচ্ছে, যা নতুন ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি এতে ভুল বা মিথ্যা ঘোষণাপত্রের দায়ে আইনি জটিলতার আশঙ্কার কথাও তোলা হয়েছিল।
তার জবাবে নির্বাচন কমিশন আদালতে স্পষ্ট জানিয়েছে, প্রতিটি যোগ্য নাগরিকের নাম যাতে চূড়ান্ত ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করতে কমিশন সম্পূর্ণ সচেতন। একই সঙ্গে ভোটার তালিকায় যাতে একই ব্যক্তির নাম একাধিকবার নথিভুক্ত না হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। তাছাড়া, বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হবে এবং সেখানে নাম বাদ যাওয়ার সম্ভাব্য কারণও উল্লেখ থাকবে বলে জানিয়েছে কমিশন।