‘আমার বা দলের নাম করে টাকা চাইলে সরাসরি জানান!’ তোলাবাজি রুখতে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতি ইস্যুতে এবার আরও কঠোর অবস্থান নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (Sumana Sarkar)। এর আগে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মতো বিজেপি নেতৃত্ব এই বিষয়ে সরব হয়েছিলেন। সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও (Swapan Dasgupta) রাজ্যে তোলাবাজির অস্তিত্ব স্বীকার করে নিয়েছিলেন। এবার সেই একই সুরে নিজস্ব বিধানসভা কেন্দ্র বলাগড় এবং দলের অভ্যন্তরে দুর্নীতি ও তোলাবাজি রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

‘দুর্নীতি করতে দেব না’ সম্প্রতি একটি প্রকাশ্য অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে সুমনা সরকার স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতি ও তোলাবাজির ক্ষেত্রে সরকার ও দলের নীতি ‘জিরো টলারেন্স’। তাঁর বা দলের নাম ভাঙিয়ে কেউ আর্থিক লেনদেন বা টাকা দাবি করলে সাধারণ মানুষকে সরাসরি তাঁর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না। বলাগড় বিধানসভা কেন্দ্রের যে যত বড় মাপের নেতাই হোন না কেন, কোনও দুর্নীতি আমি করতে দেব না। দুর্নীতি বন্ধ করতে গেলে আমাকে যতদূর নামতে হয়, আমি ততদূর নেমে লড়াই করব।”

তোলাবাজি ও দাদাগিরির বিরুদ্ধে সরব সরকারি প্রকল্প পাইয়ে দেওয়া বা জমি কেনাবেচার ক্ষেত্রে কাটমানি ও তোলাবাজির অভিযোগ প্রসঙ্গেও কড়া বার্তা দিয়েছেন সুমনা সরকার। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার কথাও জানান তিনি।

মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। মাইক নিয়ে বলে আসব যে, কোনও নেতা—সে যেই হোক, যদি আমার নাম করে বা কোনওরকম পার্টির নাম করে আপনাদের কাছে টাকা চায়, যদি বলে যে আপনার ঘরটা আমি করে দেব, আমাকে টাকা দিন বা আপনি জমি কিনেছেন আমাকে টাকা দিতে হবে, অন্নপূর্ণা পাইয়ে দেব টাকা দিতে হবে—তবে আমাকে সরাসরি জানাবেন। যত বড় মাপের নেতাই হোন না কেন, ব্যবসায়ীদের বলবে তোলা দিতে হবে, তা আমি মানব না।”

তোলাবাজি প্রসঙ্গে কী বলেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত? উল্লেখ্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই মন্তব্যের ঠিক আগেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তোলাবাজি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি প্রকাশ্যেই স্বীকার করেছিলেন যে, রাজ্যে এখনও তোলাবাজি চলছে এবং তা বন্ধ না হলে সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়।

স্বপন দাশগুপ্ত বলেছিলেন, “আমি জানি এটা। অস্বীকার করব না। এটা খুব দুঃখজনক ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা ফেরত আসবে না। তাই রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে দেখতে গেলে আমাদের ওটা বন্ধ করতে হবে। আমার কেন্দ্রে কিছুটা বন্ধ করতে পারলেও, ১০০ শতাংশ পারিনি। একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেখান থেকে বেরোতে হবে।”

পরপর দুই মন্ত্রীর এই প্রকাশ্য মন্তব্যের জেরে রাজ্যের বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *