১৮,০০০ থেকে সরাসরি ৫৪,০০০ টাকা বেসিক পে?! আর কতদিন অপেক্ষা করতে হবে?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের পর ইতিমধ্যেই পূর্ণ হয়েছে গোটা একটি বছর। বর্তমানে কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন শহরে ঘুরে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করছেন। তবে কবে থেকে এই নয়া বেতন কাঠামো কার্যকর হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।
নিয়ম অনুযায়ী, দেশজুড়ে সমীক্ষা ও আলোচনার পর কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেবে। রিপোর্ট পেশ করার জন্য সরকার অষ্টম বেতন কমিশনকে মোট ১৮ মাস সময় দিয়েছিল। যার মধ্যে ১২ মাস ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং হাতে রয়েছে আর মাত্র ৬ মাস। তবে প্রয়োজনে কেন্দ্র এই সময়সীমা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশনের রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ হওয়ার পরই কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ঠিক কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সপ্তম বেতন কমিশনের ধাঁচেই এবারও বেতন এবং পেনশন বৃদ্ধির ক্ষেত্রে তিনটি প্রধান বিষয় সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে— ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor), বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ (HRA) এবং মহার্ঘ ভাতা বা ডিএ (DA)।
ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন কতটা বাড়তে পারে? বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর। কর্মচারী সংগঠনগুলির তরফে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩ গুণ করার জোরালো দাবি জানানো হচ্ছে। যদি এই দাবি মেনে নেওয়া হয়, তবে ন্যূনতম মূল বেতন (Basic Pay) ১৮,০০০ টাকা থেকে একলাফে বেড়ে ৫৪,০০০ টাকায় পৌঁছে যেতে পারে।
এইচআরএ (HRA) বা বাড়ি ভাড়া ভাতার নিয়মে বদলের দাবি বর্তমানে ৫০ লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট ‘এক্স’ (X) ক্যাটাগরির শহরগুলিতে প্রাথমিক HRA হার ২৪ শতাংশ। ‘ওয়াই’ (Y) ক্যাটাগরির শহরগুলির জন্য এই হার ১৬ শতাংশ এবং ‘জেড’ (Z) ক্যাটাগরির শহরগুলির জন্য ৮ শতাংশ নির্ধারিত রয়েছে। তবে অষ্টম বেতন কমিশনের আওতায় ‘এক্স’ ক্যাটাগরির জন্য ৩০ শতাংশ, ‘ওয়াই’ ক্যাটাগরির জন্য ২০ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির জন্য ১০ শতাংশ হারে HRA বৃদ্ধির দাবি উঠেছে।
মূল বেতনের সঙ্গে ডিএ (DA) সংযুক্তিকরণের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি হলো, অষ্টম বেতন কমিশন কার্যকর করার সময় বর্তমান মহার্ঘ ভাতা বা ডিএ-কে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হোক। এর আগে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের ক্ষেত্রেও মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এবারও তেমনটা হলে কর্মচারীদের মাসিক বেতনে এক বিশাল অঙ্কের বৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে।