বাজির ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়! ছটপুজোর আগেই হু হু করে বাড়ছে দূষণ, চিকিৎসকদের কড়া বার্তা”

আলোর উৎসব শেষ হলেও তার রেশ রয়ে গিয়েছে বাতাসে। দীপাবলির পর থেকেই আকাশে মিশে রয়েছে অন্তহীন বাজির ধোঁয়া আর বিষাক্ত গ্যাস। আর তার জেরে শিল্পাঞ্চল আসানসোলের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI এক ধাক্কায় অত্যন্ত বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে, যা এমনকি কলকাতা মহানগরকেও পেছনে ফেলে দিয়েছে। এর ওপর আবার সামনেই ছটপুজো। ফলে ছটের ঠিক আগে পশ্চিম বর্ধমানের আসানসোল-রানিগঞ্জ শিল্পাঞ্চলে বাতাসের গুণমান নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

বিপজ্জনক স্তরে AQI, গ্রাস করছে বিষাক্ত ধোঁয়া

আসানসোল, রানিগঞ্জ, কুলটি, বরাকর, বার্নপুর থেকে জামুড়িয়া—এই বিস্তীর্ণ শিল্পাঞ্চল এমনিতেই কয়লাখনি, শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া এবং রাস্তার ধুলোর কারণে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। বাতাসে থাকা অতি সূক্ষ্ম কণা অর্থাৎ PM2.5 এবং PM10-এর পরিমাণ এখানে সবসময়ই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তার ওপর দীপাবলির শব্দবাজি, আলোর বাজি ও রকেটের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তথ্য অনুযায়ী, দীপাবলির পরে আসানসোলের বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI রেকর্ড করা হয়েছে ১৬০ থেকে ২০৫ পর্যন্ত। শুক্রবার দুপুরে আসানসোলের প্রাণকেন্দ্র পোলো গ্রাউন্ড এলাকায় AQI ছিল ২০০-র উপরে এবং PM2.5-এর গড় ঘনত্ব ছিল ৯৬ মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার। রানিগঞ্জ, কুলটি ও জামুড়িয়া অঞ্চলেও দূষণের মাত্রা অত্যন্ত আশঙ্কাজনক। বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতের মরশুমে বাতাসের গতি কমে আসায় এই দূষিত কণাগুলি দীর্ঘক্ষণ বাতাসে ভেসে থাকবে, ফলে এর ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

চিকিৎসকদের বড় সতর্কবার্তা

এই দূষিত বাতাস মানব শরীরে প্রবেশ করলে ফুসফুস থেকে শুরু করে হৃদযন্ত্র পর্যন্ত মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। আসানসোলের বিশিষ্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত জানান, বাজির ধোঁয়া থেকে নির্গত রাসায়নিক ও সূক্ষ্ম কণা সরাসরি শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। হাঁপানি, ব্রঙ্কাইটিস বা সিওপিডি (COPD)-র রোগীদের পাশাপাশি শিশু ও প্রবীণদের ঝুঁকি সবচেয়ে বেশি। দীর্ঘক্ষণ এই বাতাসে থাকলে গলা খুসখুস, কাশি, শ্বাসকষ্ট এবং চোখ-নাক জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। পরিস্থিতি এতটাই গুরুতর যে চিকিৎসকরা সাধারণ মানুষকে মাস্ক পরে বাইরে বেরোনোর পরামর্শ দিচ্ছেন।

বিপন্ন পশুপাখির জীবন ও পরিবেশের দশা

শুধু মানুষ নয়, এই অতিরিক্ত শব্দ ও আলোর বাজির কোপে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পশুপাখির স্বাভাবিক জীবনযাত্রাও। বন্যপ্রাণ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সপ্তর্ষি মুখোপাধ্যায় জানিয়েছেন, তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পাখিরা দিকভ্রষ্ট হয়ে বাড়ির দেওয়াল, কাচ বা বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে মারা যেতে পারে। পরিযায়ী পাখিদের স্বাভাবিক চলাফেরাও এর ফলে বিঘ্নিত হচ্ছে।

অন্যদিকে, পরিবেশবিদ কিংশুক মুখোপাধ্যায়ের মতে, শিল্পাঞ্চলের নিজস্ব দূষণের সঙ্গে বাজির ধোঁয়া যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। কলকাতার মতো আসানসোলেও নিয়মিত জল ছেটানোর গাড়ি চালানো এবং বাজি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। উৎসব অবশ্যই আনন্দের, কিন্তু তা যেন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মরণফাঁদ হয়ে না দাঁড়ায়—এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *